সংরক্ষিত নারী আসনে ৯ জন প্রার্থীর নাম ঘোষণা
সংরক্ষিত নারী আসনের শূন্য নয়টি আসন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট (আমিনী) এবং জাতীয় পার্টি (এরশাদ) তাদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে।
নিয়ম অনুযায়ী আওয়ামী লীগের জন্যে বরাদ্দ নয়টি আসনে তারা প্রার্থী না দেওয়ায় এ আসনগুলো শূন্য রয়ে যায়।
ক্ষমতাসীন বিএনপি শনিবার রাতে তাদের জন্যে বরাদ্দ ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াত, ইসলামী ঐক্যজোট এবং জাতীয় পার্টি পেয়েছে একটি করে আসন।
বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীরা হচ্ছেন, বেগম রেজিনা ইসলাম, বেগম খোদেজা এমদাদ লতা, রাশেদা বেগম হীরা, সাইমুন বেগম, নেওয়াজ হালিমা আরলী, ফাহিমা হোসেন জুবলী।
জামায়াত থেকে বেগম রোকেয়া আনসার, জাতীয় পার্টি থেকে নাসরিন জাহান রত্মা এবং ইসলামী ঐক্যজোট থেকে নাঈমা সুলতানাকে মনোনয়ন দেওয়া হয়।
৪ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনের জন্যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ২৯ সেপ্টেম্বর।
এর আগে প্রথম পর্যায়ের নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৩৬ জন। এর মধ্যে বিএনপির ছিল ৩০ জন, জামায়াতে ইসলামীর তিনজন, জাতীয় পার্টির দু’জন এবং বিজেপি’র একজন।
