২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশই পারে প্রকৃত ইসলামী মূল্যবোধকে তুলে ধরতে: আঞ্চলিক সেমিনারে ঢাকা ঘোষণা

বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশের প্রতিনিধির ‘ঢাকা ঘোষণা’র মধ্য দিয়ে শনিবার তিনদিনের আঞ্চলিক ইসলামী সেমিনার শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এতে ১৭ আগস্ট বাংলাদেশে সিরিজ বোমা হামলা, টুইন টাওয়ারে বিমান হামলাসহ সাম্প্রতি বিশ্বের বিভিন্ন সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলা হয়, বাংলাদেশই পারে ইসলামের নামে জঙ্গী তৎপরতা বন্ধ করে এশিয়ায় ইসলামের প্রকৃত মূল্যবোধকে তুলে ধরতে।

সেন্টার ফর ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল স্ট্যাডিজ’র (সিএনআরএস) উদ্যোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ইসলাম শান্তি, প্রগতি ও সম্প্রীতির ধর্ম, বাংলাদেশ একটি আদর্শ উদার মুসলিম রাষ্ট্র’ শীর্ষক আঞ্চলিক সেমিনারের শেষ দিনে শনিবার তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে গৃহিত ঢাকা ঘোষণায় বলা হয়, ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। ইসলাম রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় উদ্দেশ সাধনের জন্য নিরীহ শান্তিপ্রিয় ও নিরপরাধ মানুষের ওপর কোনো হামলা অনুমোদন করে না। সন্ত্রাস করে বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মুসলমানদের অধিকার আদায় সম্ভব নয়।

এ ঘোষণায় আরো বলা হয়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এটি বিশ্বের অনেক দেশের জন্যই অনুকরনীয় দৃষ্টান্ত। বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী ইসলামের শ্বাশত মূল্যবোধের প্রতি নিষ্ঠাবান। এ জন্য তারা সহনশীলতা ও ভ্রাতৃত্বের নীতিকে কখনোই বিসর্জন দেয়নি।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর এসএমএ ফায়েজ।

তিনটি অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে সিএনআরএস সভাপতি ড. মাহবুবউল্লাহ ও মালয়েশিয়ার প্রফেসর দাতো ড. জামিল ওসমান।

মূল প্রবন্ধের ওপরে দুটি অধিবেশনে আলোচনা করেন শ্রীলংকার এমএলএ কাদের, সিঙ্গাপুরের ড. শামসুল আনুয়ার মোঃ হালিপ, তুয়ান হাজী হাশিম কামারুদ্দিন, মালয়েশিয়ার অ্যাডভোকেট কামারুল জামান, ইন্দোনেশিয়ার ড. শেহরীন সালেহীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ, সিএনআরএস’র মহাসচিব ইরতিজা নাসিম আলী, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সৈয়দ আশরাফ আলী, ধানমণ্ডির তাকওয়া মসজিদের খতিব সৈয়দ জুলফিকার জহুর প্রমুখ।

সেমিনারে স্বাগতিক বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশের ইসলামী চিন্তাবিদ ও বিশেষজ্ঞ এবং সারাদেশের মাদ্রাসা, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ প্রতিনিধি যোগ দেন।