ভোটার তালিকা প্রণয়নে গ্রাম সরকারকে সম্পৃক্ত করা বিষয়ক মন্তব্য থেকে সরে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার
তীব্র রাজনৈতিক সমালোচনার মুখে ভোটার তালিকা প্রণয়নে গ্রাম সরকারকে সম্পৃক্ত করা সংক্রান্ত মন্তব্য থেকে সরে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার।
সাংবাদিদের সঙ্গে আলাপকালে বুধবার প্রধান নির্বাচন কমিশনার নতুন ভোটার তালিকা প্রণয়নে গ্রাম সরকারকে সম্পৃক্ত করার কথা বলেছিলেন।
কিন্তু তারপরের রাজনৈতিক সমালোচনার মুখে নির্বাচন কমিশন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের সম্ভাবনার কথা নাকচ করে বলেন, প্রকৃতপক্ষে বিষয়টি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। নির্বাচন কমিশন এ ধরনের কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটার তালিকা প্রণয়নের বিষয়ে আগ্রহী কেউ কেউ তাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে কিছু কিছু সুপারিশ মৌখিকভাবে নির্বাচন কমিশনে করেছেন। হয়তোবা এ ধরনের কোনও সুপারিশের কারণে গ্রাম সরকারের সম্পৃক্ততার বিষয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
ইতোমধ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের জন্যে জেলা উপজেলা পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করেছে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সমন্বয় কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া জেলার সকল প্রথম শ্রেণীর কর্মকর্তাকে সমন্বয় কমিটির সদস্য নিয়োগ করা হয়েছে।
ভোটার তালিকা প্রণয়নের জন্যে রেজিস্ট্রেশন অফিসার ও সহকারী রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের জন্যে ইতোমধ্যে পরিপত্র জারি করা হয়েছে। এ বিষয়ে সারা দেশে তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্যে এক বা একাধিক সহকারী রেজিস্ট্রেশন অফিসার নিয়োগ করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিগত বছরগুলোতে যে প্রক্রিয়ায় ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে, এ বছরও একই প্রক্রিয়ায় ভোটার তালিকা প্রণয়ন করা হচ্ছে। মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, রিভাইজিং অথরিটিসহ আইন ও বিধি অনুযায়ী যাদের অতীতে ভোটার তালিকা প্রণয়নের সময় নিয়োগ করা হয়েছিল, এবারও একইভাবে তাদের নিয়োগ করা হচ্ছে।
ভোটার তালিকা প্রণয়নকালে নির্বাচন কমিশনকে সরকারের বিভিন্ন এজেন্সি সহায়তা করে থাকে। এমনকি স্থানীয় সরকারের সংস্থাগুলোও নির্বাচন কমিশনকে ভোটার তালিকা প্রণয়নের কাজে সহায়তা করে থাকে।
খসড়া ভোটার তালিকা ভোটারদের প্রদর্শনের সুবিধার্থে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ড অফিস, ক্যান্টনমেন্ট বোর্ড, পার্বত্য জেলা পরিষদ অফিসে প্রদর্শন করা হয়। অর্থাৎ ভোটার তালিকা প্রণয়নে এ সকল সংস্থা সহায়তা করে থাকে।
