‘সাংবাদিকতার সংকট নিরসনে দরকার রাজনৈতিক ঐক্য’
দেশের সাংবাদিকতার সংকট নিরসনে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে মতৈক্য প্রয়োজন।
শনিবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ‘বাংলাদেশে সাংবাদিকতার সংকট ও উত্তরণের প্রস্তাবনা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এ সেমিনারের আয়োজন করে।
চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতি থেকে সংবাদ মাধ্যম বিচ্ছিন্ন নয়। তাই দেশের রাজনীতিতে যতোদিন সংকট বিরাজ করবে, সে সংকটের কালো ছায়া সাংবাদিকদের ওপর এসে পড়বে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বিএফইউজে সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব ও দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য সমীর কান্তি বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, ’৭১ সালেও কিছু লোক মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলো। কিন্তু দেশের মানুষের ঐক্যের কারণে তারা পরাজিত হয়। আজো ঐক্যবদ্ধ হলে অবশ্যই আমাদের বিজয় হবে।
প্রধান আলোচক ইকবাল সোবাহান চৌধুরী বলেন, যতদিন রাজনীতি দুর্বৃত্ত, মৌলবাদ ও স্বৈরাচার মুক্ত হবে না, ততোদিন দেশের সংকট দূর হবে না। সাংবাদিকদের সংকটও দূর হবে না।
