গ্রাম সরকারকে দিয়ে নতুন ভোটার তালিকা: বিরোধী দলের তীব্র প্রতিক্রিয়া
গ্রাম সরকারকে দিয়ে নতুন ভোটার তালিকা প্রনয়ণে নির্বাচন কমিশনের প্রক্রিয়ায় বিরোধী দল তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা এটিকে অসাংবিধানিক ও দলীয় প্রভাবে নির্বাচন কারচুপির একটি প্রক্রিয়া উল্লেখ করে প্রশ্ন তুলেছে ভোটার তালিকা তৈরীর জন্য তারা (গ্রাম সরকার) কে?
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ‘দলীয় ক্যাডার দিয়ে নির্বাচন পরিচালনার এ দুরভিসন্ধি’ কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে।
দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি শুক্রবার বিডিনিউজকে বলেন, বিএনপি-জামাত জোট সরকার নির্বাচনে কারচুপির জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে দলীয় ক্যাডারদের মাঠ পর্যায়ের কর্মকর্তা নিয়োগ করেছে। এখন তাদের দলীয় বাহিনী গ্রাম সরকারের মাধ্যমে ভোটার তালিকা প্রস্তুত করলে তা প্রতিহত করা হবে। একতরফা ও কারচুপির নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবেনা।
তিনি বলেন, গ্রাম সরকারের তো সাংবিধানিক কোনো ভিত্তিই নেই। আর ভোটার তালিকা তৈরির জন্য তারা কে?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) একতরফা নিয়োগটি ছিলো অবৈধ। এ কারণে ইতোমধ্যে আমরা তা প্রত্যাখ্যান করেছি। আর এই সিইসি’র করা সকল কাজই অবৈধ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার এবং সরকারের পতন ঘটিয়ে এসকল অবৈধ নিয়োগ বাতিল করা হবে।
অন্যদিকে নতুন ভোটার তালিকা প্রস্তুতের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সদস্যদের (গ্রাম সরকার প্রধান) সম্পৃক্ত করার ব্যাপারে নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা তার প্রশংসা করেছেন।
এক বিবৃতিতে তিনি কেবল ইউপি সদস্যদের নয়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তিদের সদস্য করে ভোটার লিস্ট প্রস্তুতি কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছেন। তার মতে ইউপি সদস্যদের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান করা উচিত।
তিনি নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়ে বলেন, এই প্রক্রিয়ায় গঠিত কমিটি দেশে স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর নতুন ভোটার তালিকা প্রণয়নে বলিষ্ঠ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
নাজমুল হুদা বলেন, এই প্রক্রিয়ায় নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়নে কোনও কারচুপি করার সুযোগ থাকবে না। কমিটির সদস্যদের একে অন্যের ক্রস চেকের মাধ্যমে নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত হবে।
এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর পক্ষে বলা হয়, বিরোধী দলের দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে। এখন আবার হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত গ্রাম সরকারদের দিয়ে ভোটার লিস্ট প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ওয়ার্কার্স পার্টি নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশনের এই পদক্ষেপে এটা স্পষ্ট যে বিরোধী দলের সঙ্গে কোনও প্রকার আলোচনা ছাড়া জোট সরকার কর্তৃক একতরফাভাবে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগও ছিল নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার উদ্দেশ্যে পরিকল্পিত।
তারা বলেন, আগামী নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে অসম্ভব করে তুলতে কিংবা নির্বাচনে অংশ নিলেও যাতে রায় বিএনপি-জামাত জোটের পক্ষে যায় সেজন্য নির্বাচনী কর্মকর্তা হিসেবে দলীয় নেতা কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে।
ওয়ার্কাস পার্টির বিবৃতিতে বলা হয়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিরোধী দলগুলো নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার দাবি করলেও নির্বাচন কমিশন করছে উল্টোটি। তারা এখন প্রকাশ্যেই নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর কাজে লিপ্ত হয়েছে। সরকারের এ অসৎ পদক্ষেপ প্রতিহত করা হবে।
