সরকার আগামী নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ অসম্ভব করে তুলতে চায়: ওয়ার্কাস পার্টি
আগামী নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে অসম্ভব করে তুলতে কিংবা নির্বাচনে অংশ নিলেও যাতে রায় বিএনপি-জামাত জোটের পক্ষে যায় সেজন্য নির্বাচনী কর্মকর্তা হিসেবে দলীয় নেতা কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচনী কর্মকর্তা হিসেবে ছাত্রদল ও শিবিরের দেড়শ নেতাকর্মীর বিতর্কিত নিয়োগ এবং নতুন ভোটার তালিকা প্রনয়ণের উদ্যোগ সম্পর্কে শুক্রবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর দেওয়া এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিরোধী দলগুলো নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার দাবি করলেও নির্বাচন কমিশন করছে উল্টোটি। তারা এখন প্রকাশ্যেই নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর কাজে লিপ্ত হয়েছে।
পলিটব্যুরো তাদের বিবৃতিতে বলেন, বিরোধী দলের দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে। এখন আবার হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত গ্রাম সরকারদের দিয়ে তা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপে এটা স্পষ্ট যে বিরোধী দলের সঙ্গে কোনও প্রকার আলোচনা ছাড়া জোট সরকার কর্তৃক একতরফাভাবে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগও ছিল পূর্বপরিকল্পিত ও নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার উদ্দেশ্যে প্রণোদিত।
