২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তাসহ ৭টি নদীর পানি বন্টন নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি, ভারতের ধীরে চল নীতি

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের দুইদিন ব্যাপী বৈঠক তিস্তা এবং আরও ছয়টি নদীর পানি বন্টন সংক্রান্ত কোন সিদ্ধান্ত ছাড়াই মঙ্গলবার শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বৈঠকে বাংলাদেশের পক্ষে তিস্তা ও অপর ৬টি নদীর পানি বন্টন সংক্রান্ত প্রস্তাব উত্থাপন হলেও তা কোনও পরিনতি পায়নি কারণ ভারত পক্ষ প্রস্তাব করেছে বিষয়টি যৌথ কারিগরি কমিটিতে আলোচনা করতে হবে।

সফররত ভারতীয় পানি সম্পদ মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘তিস্তা ও অন্য ছয়টি নদীর পানি বন্টনের ব্যাপারে যৌথ কারিগরি কমিটি প্রথম সিদ্ধান্ত নেবে।’

‘খুব ভালো’ আলোচনা হয়েছে বলে উল্লেখ করে ভারতীয় মন্ত্রী বলেন, ঈদ-উল ফিতরের পর উভয় দেশের মন্ত্রীরা মারত্মক ভাঙ্গনের শিকার এমন নদীগুলো পরিদর্শন করে ভারতের পক্ষ থেকে পানি প্রত্যাহার করা প্রয়োজন কিনা সে ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করবেন। এ প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

টিপাইমুখ বাঁধ সম্পর্কে প্রিয়রঞ্জন দাস মুন্সি বলেন, এটি কোনও সেচ প্রকল্প নয়। বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এ বাঁধ দেয়া হয়েছে। তবে বাংলাদেশ যেহেতু উদ্বেগের সাথে বিষয়টি উত্থাপন করছে, ভারত শিগগিরই পরীক্ষা নিরীক্ষার জন্যে প্রকল্পের নকশা বাংলাদেশকে পাঠাবে।

গঙ্গা’র পানি বন্টন চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, চুক্তি স্বাক্ষরের পর নয় বছর অতিক্রান্ত হয়েছে। তিনি জানান, যৌথ নদী কমিশন বৈঠকে চুক্তিটি যৌথ কারিগরি কমিটিতে পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় মন্ত্রী বিকেলে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের কোনও নদী ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কোনও নদী সংযোগ পরিকল্পনা ভারত গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। তিনি বলেন, “আগামী দুই হাজার বছরেও বহ্মপুত্র নদী সংযোগের সম্ভাবনা নেই।

বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী হাফিজুদ্দিন আহমেদ প্রথমে সাংবাদিকদের বলেন, আলোচনা সন্তোষজনক হয়েছে পরে বিকেলে বলেন, আলোচনা কম বেশি সন্তোষজনক হয়েছে।

মন্ত্রীকে অবশ্য মোটেই প্রসন্ন মনে হচ্ছিলো না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনায় সম্মত বিষয়গুলোতে স্বাক্ষর নিয়ে কর্মকর্তারা ব্যস্ত রয়েছেন। বুধবারে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

বৈঠক সূত্র জানায়, বাংলাদেশের নদী সংযোগ প্রকল্প, টিপাইমুখ বাধ, সীমান্তবর্তী নদীগুলোর ভাঙনে এবং তিস্তাসহ আরও ছয়টি অভিন্ন নদীর পানি বন্টনের ব্যাপারে বাংলাদেশের দাবির পরিপ্র্রেক্ষিতে আগের অবস্থায় অবিচল রয়েছে এবং উন্নাসিকতা প্রকাশ করেছে ভারত।

বন্যার আগাম সতর্কতার ব্যাপারে বৈঠকের প্রথম দিনে ভারত আগের লিড টাইম ৪২ এবং ৪১ ঘণ্টার স্থলে ব্রহ্মপুত্র ও গঙ্গার ক্ষেত্রে যথাক্রমে ৬৬ এবং ৬৭ ঘণ্টা করার ব্যাপারে সম্মত হয়েছে।

আগের লিড টাইম বাংলাদেশের জন্য অনুকূল ছিল না। এক্ষেত্রে নতুন লিড টাইমের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য অনুকূল হবে বলে হাফিজউদ্দিন আহমেদ প্রথম দিনের বৈঠক শেসে জানান।

প্রথম দিনে উভয় দেশ গঙ্গার পানি বণ্টন ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে।

প্রিয়রঞ্জন দাস মুন্সি সোমবার নির্ধারিত সময় শেষ হওয়ার এক ঘণ্টা আগে বিকাল সাড়ে তিনটায় বৈঠক থেকে বেরিয়ে যান। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমি আনন্দিত। আমরা বৈঠককে ফলপ্রসূ করে তুলতেই বসেছি।

এদিকে সোমবার ঢাকায় পৌঁছার কথা থাকলেও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জে হরি নারায়ণ প্রথমদিনের বৈঠকে উপস্থিত হননি।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এসএম জহুরুল ইসলাম, ভারতে নিযুক্ত বাংলাদেশে হাইকমিশনার লিয়াকত আলী চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শরিফ রফিকুল ইসলাম এবং যৌথ নদী কমিশনের সদস্য তৌহিদুল আনোয়ার খান।

অন্যদিকে ভারতের পক্ষে অন্যান্যের মধ্যে বৈঠকে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি, ডেপুটি হাইকমিশনার এস চক্রবর্তী, যুগ্মসচিব মোহন কুমার এবং নদী কমিশনের কেন্দ্রীয় চেয়ারম্যান জোয়াসিলন।