রাজশাহীতে ১১ জঙ্গির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা
রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র করার অভিযোগে ১১ জন কথিত জঙ্গির বিরুদ্ধে রোববার রাজশাহীর পবা থানায় রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে দণ্ডবিধির ১২১ (ক) ধারায় এ মামলা করা হয়। পবা থানা ও জজকোর্ট পাবলিক প্রসিকিউটর সূত্র সোমবার এ তথ্য জানায়।
রাজশাহীর পবা উপজেলার নওহাটা-পুঠিয়াপাড়া থেকে ১৮ জুলাই ওই ১১ জনকে সহিংস তৎপরতায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছিল।
রাষ্ট্রদ্রোহিতা মামলার ওই ১১ জন আসামি হলো-পুঠিয়াপাড়ার জলিলের পুত্র মোজাম্মেল, মতিহার থানার শমসের আলীর পুত্র জহুরুল, পুঠিয়ার মাহেন্দ্রা গ্রামের একরাম মন্ডলের পুত্র মেরাজুল, হেমায়েত আলীর পুত্র মুনসুর, বাগমারার ক্ষুদ্রঝিনা গ্রামের মৃত এছাহাক আলীর পুত্র এনামুল হক, পবার দিঘীরপারিলা গ্রামের মনসুর রহমানের পুত্র বিপ্লব, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পারচাকা গ্রামের মাওলানা আফসার হুসাইনের পুত্র শাহ ওলিউল্লাহ, পবার দিঘীরপারিলা গ্রামের আবু বকরের পুত্র আবু জাফর, মতিহার মাহেন্দ্রা জাইগিরপাড়া গ্রামের রাজ্জাকের পুত্র জাকির হোসেন টুটুল, পুঠিয়া মাহেন্দ্রা গ্রামের আজিমুদ্দিনের পুত্র ইব্রাহীম ও জামালপুর জেলার শেখের ভিটা গ্রামের শফিক উদ্দিনের পুত্র গোলাম মোস্তফা।
অভিযুক্ত এ জঙ্গিরা ১৮ জুলাই পবার পুঠিয়াপাড়া গ্রামের মোজাম্মেলের বাড়িতে গোপন বৈঠক এবং জঙ্গি প্রশিক্ষণ নেয়ার সময় পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে সাংগঠনিক কাগজপত্র, ডায়েরি এবং কিছু বই-পুস্তকও পাওয়া গিয়েছিলো।
এদের ২০ জুলাই ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে নেওয়া হয়েছিল।
