২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওয়া ভবন ও খোয়াব ভবন খুঁজলেই বোমাবাজ পেয়ে যাবেন: প্রধানমন্ত্রীর প্রতি শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, বোমাবাজ খুঁজতে চান? তবে ‘হাওয়া ভবন’ ও ‘খোয়াব ভবনে’ খুঁজুন। পেয়ে যাবেন আসল বোমা হামলাকারী অপরাধীদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বাংলাদেশ সুফী মজলিশের উদ্যোগে রোববার ঢাকায় আয়োজিত সুফী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দেশব্যাপী ১৭ আগস্টের একযোগে বোমা হামলাসহ দেশের সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশে এখন দুর্যোগ চলছে। একই সময়ে ৬৩টি জেলায় বোমা হামলা হলো। অথচ সরকারের কেউ জানতে পারলো না। এটি হতে পারে না।

তিনি অভিযোগ করেন, যারা বিএনপি-জোট সরকারের ক্ষমতার শরিক জামাতের বিরুদ্ধে, তাদের গ্রেফতার করে অত্যাচার নির্যাতন, হয়রানি করা হচ্ছে। অথচ আসল অপরাধীদের আড়াল করে সন্ত্রাসীদের উৎসাহিত করা হচ্ছে।

আওয়ামী লীগ প্রধান বলেন, জামাত পবিত্র ইসলাম ধর্মের নামে রাজনীতি করছে। ক্ষমতার উচ্চাভিলাষ চরিতার্থ করতে গিয়ে তারা মানুষ মারছে। নীরিহ মানুষের ওপর জবরদস্তি করছে, ইসলাম ধর্ম যা সমর্থন করে না।

তিনি বলেন, দেশে আজ বোমা মেরেও ধর্মের কথা বলা হয়। মাজারে বোমা মারা হয়। এমনকি মসজিদের ভেতর কোরান শরীফ পড়া অবস্থায়ও হত্যা করা হচ্ছে। অথচ ইসলাম শান্তির ধর্ম। এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতে পারে না।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট সরকার দেশবাসীর অর্থ সম্পদ লুট করছে। আর মানুষ না খেয়ে ধুঁকে ধুঁকে মরছে। তিনি প্রশ্ন করেন, এ সরকার আর কত মানুষ মারবে?

বিরোধী দলীয় নেতা বলেন, ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারও নেই। পবিত্র ধর্ম ও ধর্মপ্রাণ মুসলমানদের রক্ষা করতে ধর্মব্যবসায়ী জোট সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জালিম শাহির পতন হবেই ইনশাল্লাহ।

সুফী দর্শন সম্মেলন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব শাহ্ সুফী মুহম্মদ অনিসুল হক চিশতী আল হোসাইনী। তিনি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অথবা সম্ভাব্য বিরোধী জোটের পক্ষে সুফী মজলিশের জন্যে কমপক্ষে ১০ জনকে মনোনয়ন দিতে শেখ হাসিনার প্রতি দাবি জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ হাসিনা মনোনীতদের হাতে ‘সুফী মজলিশ পুরস্কার’ তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে মানিকগঞ্জ গড়পাড়া ইমামবাড়ির পীর শাহ্ সুফী মোখলেসুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।