২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতি নির্ধারকরা আন্তরিক নয় বলেই শান্তিচুক্তি প্রতারিত হচ্ছে: সন্তু লারমা

পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতি সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, দেশের নীতি নির্ধারকরা আন্তরিক নয় বলেই পার্বত্য শান্তিচুক্তি প্রতারিত হচ্ছে। নীতি নির্ধারকরা আন্তরিক, গণতান্ত্রিক ও প্রগতিশীল হলেই শান্তিচুক্তির পুরোপুরি বাস্তবায়ন সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘আদিবাসীর ভূমি অধিকার: প্রসঙ্গ মধুপুর গড় এবং ‘আদিবাসীর উন্নয়নে দাতাদের অবস্থান’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দৈনিক সমকাল, বেসরকারি সংস্থা গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) এবং অ্যাকশন এইড বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন এবং আওয়ামী লীগের সাংসদ ড. আব্দুর রাজ্জাক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আরডিসির মেসবাহ কামাল।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার কর্মী ফজলুস সাত্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আদিবাসী নেতা সঞ্জিব দ্রং, অ্যাকশন এইড’র মনজুর রশীদ, টিআইএম জাহিদ হোসেন, আদিবাসী নেতা আলবার্ট মানকিন, ড. সাদেকা হালিম প্রমুখ।

সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, সারা দেশে আদিবাসীরা এখন ভূমি থেকে উচ্ছেদ হয়ে নিজভূমে পরবাসীর মতো জীবন কাটাচ্ছে। নিজেদের অধিকার ও গণতান্ত্রিক প্রগতিশীল সরকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রামের বিকল্প নেই।

সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের প্রায় ২৫ লাখ আদিবাসী এখন বিলুপ্তির পথে। ভূমি থেকে উচ্ছেদ হতে হতে আদিবাসী জীবন এখন বিপন্ন হয়ে পড়েেেছ। এটি একটি রাজনৈতিক সমস্যা। এ সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে।

তিনি বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠা ছাড়া আদিবাসী সমস্যার সমাধান অসম্ভব। তিনি এ সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে আদিবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

গোলাম সারোয়ার বলেন, শান্তিচুক্তির বাস্তবায়নসহ আদিবাসী সমস্যার সমাধানে সংবাদমাধ্যম সব সময়ই পাশে আছে। কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা প্রায়ই গণমাধ্যমকে উপেক্ষা করেন। এর অর্থ হচ্ছে, তারা জনমতকেই অস্বীকার করেন। এটি কোনও সভ্য সমাজের রীতি হতে পারে না।

তিনি বলেন, আদিবাসী সমস্যার সমাধানে সংগ্রামের বিকল্প নেই। এ কারণে শান্তিচুক্তি স্বাক্ষরের পরও সন্তু লারমাকে আন্দোলনের কথা বলতে হচ্ছে।

অধ্যাপক মেসবাহ কামাল বলেন, ভূমিই আদিবাসী সমস্যার মূল। আদিবাসীদের জমির কাগজপত্র থাকুক বা না থাকুক, জমির ওপর তাদের ঐতিহ্যগত অধিকার রয়েছে। এ অধিকারের দাবি সরকার পক্ষকে মানতে বাধ্য করতে হবে।

সঞ্জিব দ্রং বলেন, দেশের নীতিনির্ধারকরা আদিবাসী সমস্যাকে মানবিক দৃষ্টিতে দেখলে সমাধান অনেক সহজ হয়ে যায়।