রোববার বসছে সংসদ অধিবেশন
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের বয়কট অব্যাহত থাকালেও দুদিনের বিরতি শেষে রোববার আবার সংসদ অধিবেশন বসছে।
অষ্টম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন বৃহস্পতিবার শুরু হয়। কার্য উপদেষ্টা কমিটির (বিএসি) কোনো সিদ্ধান্ত না থাকায় এ অধিবেশনে ১৭ আগস্টের বোমা হামলার ওপর আলোচনা অনুষ্ঠিত না হওয়ার কথা।
সংসদ সচিবালয়ের সূত্র জানায়, বোমা হামলার ব্যাপারে আলোচনার জন্য বিরোধী দলীয় সাংসদদের কাছ থেকে ২৫টি নোটিশ পাওয়া গেছে। দিনের কর্মসূচি স্থগিত করে বোমা হামলার ব্যাপারে সংসদে আলোচনার ব্যাপারে তারা দাবি জানিয়েছেন।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বা সিনিয়র মন্ত্রীদের কেউই বোমা হামলা ইস্যুটি উত্থাপন করেননি। তবে অধিবেশনের প্রথমদিনে প্রধানমন্ত্রী ১৭ আগস্টের বোমা হামলার ব্যাপারে বিবৃতি দিয়েছেন।
বৃহস্পতিবার গৃহীত কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ অধিবেশন নয়টি কর্মদিবসে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং অধিবেশনে মোট নয়টি বিল পাশ হবে।
বিশ্ব সম্মেলন ২০০৫ এ অংশ নিতে প্রধানমন্ত্রীর সাথে পররাষ্ট্র মন্ত্রী এম. মোর্শেদ খান সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা হবেন। ফলে এ অধিবেশনের পরবর্তী কার্যদিবসে তারা অংশ নিতে পারছেন না।
অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানও যুক্তরাষ্ট্রে তিনদিনের সরকারি সফরে শনিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন। সেখানে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নিচ্ছেন তিনি। ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনের এ অধিবেশন জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত হচ্ছে।
