২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে আরও ২ জন গ্রেপ্তার, জেএমবি সামরিক শাখার প্রধানকে ধরতে ঢাকায় অভিযান

জামা’আতুল মুজাহিদীন এর শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানের ছোট ভাই এবং সংগঠনের সামরিক শাখার প্রধান আতাউর ওরফে হাসানকে ধরতে শুক্রবার রাতে নগরীর পাঁচটি বাড়িতে গোয়েন্দা কর্মকর্তারা হানা দিয়েছে। তবে এসব বাড়ি থেকে কাউকে আটক করা যায়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এছাড়া নগরীর কয়েকটি প্রিন্টিং প্রেসেও একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা হানা দিয়েছে। এসব অভিযানও ব্যর্থ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ওইসব প্রিন্টিং প্রেস থেকেই জেহাদ সম্পর্কিত পুস্তক প্রকাশ করা হয়েছিলো বলে সূত্র দাবি করে। তবে কোন কোন প্রেসে অভিযান চালানো হয়েছে তা প্রকাশ করতে অপারগতা প্রকাশ করা হয়।

গোয়েন্দা ও র‌্যাব কর্মকর্তারা জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সংগৃহীত তথ্য এবং আতাউর রহমান ওরফে সানি ওরফে হাসানের বাড়ি থেকে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য মতে এই অভিযান চালানো হয়।

“হাসানকে গ্রেপ্তার করা গেলেই ১৭ আগস্টের বোমা হামলার পুরো জট খুলে যাবে। কারণ সে-ই ঢাকা থেকে ধারাবাহিক বোমা হামলার সবকিছু নিয়ন্ত্রণ করেছিলো,” গোয়েন্দা সূত্র জানায়।

র‌্যাবের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেন, জামা’আতুল মুজাহিদীনের সামরিক শাখার প্রধান আতাউর রহমান ওরফে হাসান ঢাকাতেই আছে এবং তাকে ধরার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় ব্যাপক অভিযান চলেছে।

এদিকে নগরীর বাড্ডার দক্ষিণ বেরাইত এবং খিলক্ষেতের নামাপাড়া এলাকা থেকে শনিবার জঙ্গি সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ ও ডিবি সদস্যরা।

বাড্ডার বেরাইত থেকে আটক করা হয়েছে মোশাররফ (৩০) নামের এক যুবককে এবং নামাপাড়া থেকে আটক করা হয়েছে ইতিপূর্বে আটক সামাদের শ্বশুর বসিরউদ্দিনকে।

সূত্র জানায়, দক্ষিণ বেরাইতের একটি মসজিদের ইমামের ঘনিষ্ঠ মোশাররফকে আটক করা হয়েছে। ওই ইমামকেও পুলিশ খুঁজছে।

পুলিশ জানায়, আটক বসিরউদ্দিন একজন মুদি দোকানী। তার বাসা থেকে ইসলামী কিছু পুস্তকও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব এর লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার মাসুক হাসান আহমেদ বিডিনিউজকে জানান, গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন স্থান থেকে যে ৫ জনকে ধরা হয়েছে তাদের কাছ থেকে খুব বেশি তথ্য পাওয়া যাবে না। কারণ তারা এতো নিম্নপর্যায়ের কর্মী যে, তারা যা বলেছে তার চেয়ে বেশি কিছু তারা জানেও না।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ৫ জন নগরীর কয়েকটা বাড়ির কথা বলেছে। সেসব জায়গায় অভিযান চালিয়ে কাউকে আটক করা সম্ভব হয়নি।

গত ৮ সেপ্টেম্বর জামা’আতুল মুজাহিদীন প্রধান শায়খ আব্দুর রহমানের ভাইয়ের বাসা থেকে দুই শতাধিক তাজা বোমা, ৯০০ বোমা তৈরীর নানা সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

জামা’আতুল মুজাহিদীনের আইটি শাখার প্রধান ও হবিগঞ্জে আটক জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীরের ছেলে শামীমের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাদের আটক করে।