ফরহাদ মযহারের প্রতি হাসিনার ক্ষোভ
স্বাধীনতা যুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টিকারী লেখক ও কলামিস্ট ফরহাদ মযহারের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসীদের সাথে মুক্তিযোদ্ধাদের কোনও তুলনা চলে না।
শুক্রবার বিকেলে ধানমণ্ডির বাসভবন সুধাসদনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, যারা এটা করে তারা জ্ঞানপাপী।
তিনি বলেন, এর মাধ্যমে তারা কার দালালি করছে, তা খুঁজে বের করতে হবে।
ফরহাদ মযহার বৃহস্পতিবার এক আলোচনা সভায় বলেছিলেন, ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার ঘটনাকে যদি আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করি, তাহলে ১৯৫২, ’৬৬ ও ’৬৯ এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধও সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল।
