২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাবাজি দমনে দেশের বিরাজমান আইনই যথেষ্ট, সরকার প্রয়োগ করতে দেয়না: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও বোমাবাজি দমনে নতুন আইন প্রনয়ণে প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা করে বলেছেন, সন্ত্রাস মোকাবেলায় দেশে যথেষ্ট আইন রয়েছে। কিন্তু সরকার সেগুলোর প্রয়োগ করতে দিচ্ছে না। যতো আইনই হোক না কেন, যথাযথ প্রয়োগ না হলে তা কোনো কাজেই আসবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

শুক্রবার বিকেলে সুধাসদনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যকে ‘বিভ্রান্তি সৃষ্টিকারী ও মিথ্যে ভাঁওতাবাজি’ উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে একজন খুনি, সন্ত্রাসী। তার শরিক জামায়াতের সন্ত্রাসীদের রক্ষা করতেই তিনি সংসদে বসে বিভ্রান্তিকর বক্তব্য রেখেছেন। অপরাধীদের আড়াল করাই যে মূল উদ্দেশ্য-তা তার বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে।’

সরকারকে সহযোগিতার ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেন, তারা এক হাতে বিরোধী দলের নেতা কর্মীদের হত্যা করবে, অন্যদিকে সহযোগিতার আহ্বান জানাবে। এসব নাটক জনগণ মেনে নেবে না। তার মিঠা কথায় চিড়া ভিজবে না। এছাড়া তারা তো আমাদের সংসদে যাওয়ার পরিবেশ সৃষ্টি করেনি। প্রধানমন্ত্রীর পেছনেই তো ১১১জন সন্ত্রাসী বসে রয়েছে। আমাদের নিরাপত্তার গ্যারান্টি উনি দেন কিভাবে!

তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাতে আমাদের ৩০ হাজার নেতা কর্মীর রক্তের দাগ। অপরাধীদের রক্ষা ও লালন পালনই তার কাজ। জনগণ ভোট দেবে না বুঝতে পেরে মানুষ মেরে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ এবং দুর্নীতি সন্ত্রাস চালিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান।

শেখ হাসিনা বলেন, গণ আন্দোলনের মাধ্যমে বিএনপি জামাতকে ক্ষমতা থেকে হটিয়ে গণআদালতে ওদের বিচার করতে হবে।

গত ১৭ আগস্ট দেশব্যাপী একযোগে বোমা হামলার প্রসঙ্গে বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ প্রধান আরও বলেন, এই তিন সপ্তাহ কি উনি ঘুমোচ্ছিলেন? সরকার প্রধান হিসেবে এতোবড় ঘটনার পরেও এতোদিন তিনি মুখ খুলেননি কেন? যে কোনো গুরত্বপূর্ণ বিষয়ই তার কাছে গুরুত্বহীন।

শেখ হাসিনা বলেন, এতোদিন পর বক্তব্য দিলেও ওই ঘটনা কারা ঘটিয়েছে, প্রকৃত অপরাধী কারা তা বলেননি জোট নেত্রী। তার কথার প্যাঁচেই প্রমানিত হয় যে প্রকৃত অপরাধীদের তিনি আড়াল করছেন। আর দেশের মানুষকে বিভ্রান্ত করতে মন ভোলানো কথা বলছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে ২১ আগষ্টের গ্রেনেড হামলা সম্পর্কে একটি কথাও নেই। নৃশংস ওই ঘটনার এক বছরেও তদন্ত হয়নি, আসামীদের ধরা হয়নি। একইভাবে ব্রিটিশ হাই কমিশনার, সিলেটের মেয়রের ওপর বোমা হামলা, সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া, আহসানউল্যাহ মাস্টার এমপি হত্যার তদন্ত হয়নি। প্রকৃত অপরাধীদের ধরা হয়নি। আলামত নষ্ট করা হয়েছে। বিদেশিরা আসলেও তাদের তদন্ত কাজে সহযোগিতা করা হয়নি। আর এখন প্রধানমন্ত্রী বলছেন তারা নাকি অপরাধী সনাক্ত করতে বিদেশি সহযোগিতা নেবেন। এটা একটা ডাহা মিথ্যা কথা।

বোমাবাজদের সনাক্ত করতে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে শেখ হাসিনা আরও বলেন, এজন্য দেশের ১৪ কোটি মানুষের ২৮ কোটি চোখ লাগবে না। উনার দু’চোখই যথেষ্ট। কিন্তু তার চোখ দু’টির গোলমাল হয়ে গেছে। তিনি নিজেই তো সন্ত্রাসী লালন করেন, প্রশ্রয় দেন।

প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্ এমপি ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।