শিক্ষাক্ষেত্রে সরকারের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে : শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট সরকার আওয়ামী লীগ আমলে গৃহীত নিরক্ষরতা দূরীকরণের সকল কর্মসূচি ও পদক্ষেপ বাতিল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে চলছে।
তিনি বলেন, আমাদের সন্তানদের সম্ভাবনাময় ভবিষ্যতের কথা ভেবে অবশ্যই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সাক্ষর লোকের সংখ্যা ৪৪ শতাংশ থেকে ৬৫ শতাংশে উন্নিত করা হয়েছিল। দেশের ৪০ বছর পর্যন্ত নারী পুরুষকে এই কর্মসূচির আওতায় আনার পাশাপাশি শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দ্বিগুনেরও বেশি বাড়ানো হয়েছিল।
কিন্তু জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য চালাচ্ছে। বিশেষ করে স্কুল থেকে ছাত্র-ছাত্রী অপহরণ ও হত্যা করে তারা সমাজে আতঙ্ক সৃষ্টি করেছে। শিক্ষাঙ্গণে এই নৈরাজ্য কোন সভ্য সমাজের কাম্য হতে পারে না। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
