নবনির্বাচিত ৩৬ জন নারী এমপি বৃহস্পতিবার সংসদে যোগ দিচ্ছেন
নবনির্বাচিত ৩৬ জন নারী এমপি বৃহস্পতিবার সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৩৪৫ সদস্যের সংসদে সর্বোচ্চ ৩৩৬ জন সাংসদ নিয়ে অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অবশ্য প্রধান বিরোধী দল আওয়ামী লীগ অধিবেশনে যোগ দেবে না বলে জানিয়েছে। সেক্ষেত্রে অবশ্য সাংসদ উপস্থিতির বেলায় অংকের এ হিসেব মিলবে না।
এর আগে ৩০ জন নারী এমপিসহ সর্বোচ্চ মোট ৩৩০ জন সাংসদ নিয়ে জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।
২০০৪ সালের ৮ ডিসেম্বর বিএনপি সরকার সংসদে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব অনুপাতে নারী আসনের সংখ্যা ৩০ থেকে ৪৫-এ উন্নীত করে জাতীয় সংসদ (সংরক্ষিত নারী আসন) নির্বাচনী আইন আইন ২০০৪ প্রণয়ন করে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ তাদের জন্যে বরাদ্দকৃত নয়টি আসন প্রত্যাখ্যান করায় সেপ্টেম্বরের তিন তারিখ ক্ষমতাসীন বিএনপি, জামাত-ই-ইসলাম, জাতীয় পার্টি (বিজেপি-মতিন), এবং বিরোধী জাতীয় পার্টি (এরশাদ) থেকে অবশিষ্ট ৩৬ জন নারী এমপি নির্বাচিত হন।
১৯৭৩ সালের ৯ মার্চ তৎকালীন সরকার ১০ বছর মেয়াদে সংসদে ১৫টি নারী আসনের বিধান জারি করে একটি আইন প্রণয়ন করে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সে সময় ১৫ জন নারী এমপি নির্বাচিত হওয়ার পর ওই বছরের ৫ এপ্রিল এ ব্যাপারে প্রজ্ঞাপণ জারি করা হয়।
একই বছর তৎকালীন সরকার সংরক্ষিত নারী আসন ১৫ থেকে বাড়িয়ে ৩০-এ উন্নীত করে এবং আইন সংশোধনের মাধ্যমে মেয়াদকাল নির্ধারণ করা হয় ১৫ বছর।
১৯৯০ সালে ১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সরকার সংরক্ষিত ৩০টি নারী আসনের মেয়াদ ১০ বছরের জন্যে বৃদ্ধি করে নতুন আইন জারি করে। সপ্তম সংসদে এ মেয়াদ শেষ হয়ে যায়।
বিডিনিউজ-র কাছে বুধবার কয়েকজন নারী এমপি দেশের নারী সমাজের কল্যাণে কাজ করার আশাবাদ প্রকাশ করেন।
