ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা
পরিবহন মালিক ও শ্রমিকরা ৭ ও ৮ সেপ্টেম্বরের দেশব্যাপী পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছে। সরকার পক্ষের সাথে সফল আলোচনার পর মঙ্গলবার তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
গত ৪ সেপ্টেম্বর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়ার পর পরিবহন ভাড়া বৃদ্ধির জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে তারা দেশব্যাপী দুই দিনের ওই পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সাথে তার সচিবালয়ের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, সরকার ভাড়া বৃদ্ধিসহ আমাদের দাবি মেনে নিতে রাজি হওয়ায় আমরা দেশব্যাপী ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
সরকার, পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় এ বৈঠকের ব্যাপারে যোগাযোগ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাথে এ ব্যাপারে কথা হয়েছে এবং তিনিও ভাড়া বৃদ্ধির বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন।
নাজমুল হুদা বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাপেক্ষে ভাড়া বৃদ্ধির ব্যাপারে সরকারি প্রতিশ্র“তির ফলে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।
তবে সরকার ১৫ সেপ্টেম্ব^র পর্যন্ত আগের ভাড়া বজায় রাখার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ জানিয়েছে এবং তারাও এ ব্যাপারে সম্মত রয়েছে।
বুধবার ভাড়া পুননির্ধারণ ও অন্যান্য ইস্যু নিয়ে তাদের সাথে আবার বৈঠকে বসবে এবং আলোচনা ফলপ্রসূ হবে বলেও যোগাযোগ মন্ত্রী আশা প্রকাশ করেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাপেক্ষে ভাড়ার সামঞ্জস্য আনতে ও অন্যান্য বিষয়ে একটি গাইড লাইন মেনে চলা হবে বলেও তিনি জানান।
কর ও শুল্কের ক্ষেত্রে ছাড় প্রদানের মাধ্যমে ডিজেল চালিত পরিবহনের পরিবর্তে সিএনজি চালিত পরিবহন চালু করার বিষয়টিও ওই বৈঠকে আলোচনায় আনা হবে বলে মন্ত্রী জানান।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার পুলিশ ও পরিবহন নেতাদের অবৈধ টোল আদায় এবং চাঁদাবাজি বন্ধে একটি অভিযান চালাবে।
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতি শাহাজাহান খান এমপি বৈঠকে বলেন, চাঁদাবাজি পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য একটি বড় সমস্যা।
তিনি বলেন, পুলিশ ও অন্যান্যদের চাঁদাবাজি বন্ধ হলে পরিবহন খাতের অন্যান্য সমস্যা এমনিতেই কমে আসবে।
তিনি ফেরি ভাড়া কমানো ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির ব্যাপারেও সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি জিএম সিরাজ করমুক্ত আমদানি সুবিধার মাধ্যমে সিএনজি চালিত পরিবহন ব্যবহারে মালিকদের উৎসাহিত করার ব্যাপারেও বৈঠকে প্রস্তাব রাখেন। তিনি সড়ক কর ও অন্যান্য কর কমানোর ব্যাপারেও আহ্বান জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক আশরাফ খান, ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহনের সমিতির অতিরিক্ত সাধারণ সম্পাদক ফারুক তালুকদার সোহেল।
