২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশবাসী তারেক রহমানের কাছে ‘টু বি অর নট টু বি’র ব্যাখ্যা চায় না: সাবের হোসেন চৌধুরী

বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বোমা হামলায় আল-কায়েদা জড়িত থাকার কথা স্বীকার করার পরও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের বক্তব্য প্রত্যাহারের বিষয়টিকে ‘রহস্যময়’ বলে উল্লেখ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

মঙ্গলবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাবের হোসেন চৌধুরী বলেন, স্বীকার করার পরও তারেক রহমান কেন তার বক্তব্য থেকে সরে এলেন? তিনি কি নিজের সম্পৃক্ততা আড়াল করার অপকৌশল খুঁজছেন? নাকি সরকারের ভেতরের উগ্র সশস্ত্র গোষ্ঠীর কাছে নতি স্বীকার করলেন? দেশবাসী তারেক রহমানের কাছে সুস্পষ্টভাবে তা জানতে চায়।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা যখন হুমকির সম্মুখীন তখন দেশবাসী তারেক রহামানের কাছে ‘টু বি অর নট টু বি’র ব্যাখ্যা চায় না, বরং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তৎপরতা দমনে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কেন জোট সরকার অর্থবহ ও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না তা জানতে চায়।

১৭ আগস্টের বোমা হামলায় আল-কায়েদা জড়িত কিনা-বিবিসির সাথে সাক্ষাৎকারে এ ধরনের প্রশ্নের জবাবে তারেক রহমান দেওয়া বক্তব্যের উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন, তারেক রহমান প্রথম ও দ্বিতীয় প্রশ্নের জবাবে বিষয়টি নাকচ না করে দুই দুইবারই আল-কায়েদার উপস্থিতি স্বীকার করেছেন।

তিনি বলেন, বোমা বিস্ফোরণে ব্যাপারে প্রধানমন্ত্রী এখনও সুনির্দিষ্ট ব্যাখ্যা কিংবা সুস্পষ্ট বক্তব্য দেননি। জোট সরকারের সিনিয়র মন্ত্রী এবং দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে বিষয়টিকে আরও ঘোলাটে করছে। প্রকৃত সত্য তথ্য আড়ালের অপচেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মুকুল বোস, আব্দুল মান্নান, আখতারুজ্জাম, ড. মোস্তফা জালাল মহিউদ্দিন ও নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।