‘জঙ্গিবাদ এ সরকারেরই সৃষ্টি’
‘সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র সংগঠন’ বলেছে, দেশব্যাপী জঙ্গিবাদের উত্থান এ সরকারেরই সৃষ্টি। এখন জঙ্গিবাদ সরকারকেই গ্রাস করতে চাইছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আয়োজিত সাতটি ছাত্র সংগঠনের জোটের নেতারা এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কথা বলেন। ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আরেফিন সিদ্দিককে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজন করা হয় এ সমাবেশের।
এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি লিয়াকত সিকদার। উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান টিপু, মারুফা আক্তার পপি, রফিক কোতোয়াল, ছাত্র মৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম সুজন প্রমুখ।
লিয়াকত সিকদার বলেন, দেশে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটলেও সরকার এসবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাধারণ জনগণের নিরাপত্তা দিতে এ সরকার ব্যর্থ।
সমাবেশে বক্তারা মৌলবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার জন্য সকল মহলের প্রতি আহ্বান জানান।
