২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোটের পতন ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে হাইকোর্টের রায় বাস্তবায়ন করা হবে: ১৪ দলের সমাবেশে ঘোষণা

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপি জামাত জোটের পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের সরকার প্রতিষ্ঠা করে সামরিক শাসন অবৈধ বিষয়ক হাইকোর্টের রায় বাস্তবায়ন করা হবে। ছলচাতুরি করে রায় বানচালে জোটের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

রোববার বিকেলে আওয়ামী লীগসহ ১৪ দলের এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বলা হয়, অবৈধ ক্ষমতা দখলদার জিয়া--মোশতাক--এরশাদের বিচার করা হবে। এর মধ্যে যারা মারা গেছে, তাদের কংকাল তুলে এনে জাতীয় সংসদের সামনে ঝুলিয়ে রাখা হবে। 

জোট সরকার কর্তৃক সামরিক শাসন, সংবিধান লঙ্ঘন ও অবৈধ ক্ষমতা দখলের পক্ষাবলম্বন এবং বিচার বিভাগ ও বিচারপতিদের ওপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঢাকার মুক্তাঙ্গনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ শেষে বের হয় বিক্ষোভ মিছিল। নগরীর বিভিন্ন রাস্তা ঘুরে তা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সরেজমিনে দেখা যায়, মিছিলটি ১৪ দলের ব্যানারে হলেও মহানগর আওয়ামী লীগের একটি অংশের সীমিতসংখ্যক নেতাকর্মীই এতে অংশ নেন। 

মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু।

বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, মতিয়া চৌধুরী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণতন্ত্রী পার্টির সভাপতি আজিজুল ইসলাম খান, গণ আজাদী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ন্যাপ’র এমএ গণি, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং ১১ দলের সমন্বয়ক মফিজুল ইসলাম খান কামাল।

আমির হোসেন আমু বলেন, বিএনপি জামাত জোট সরকারের জনগণের ওপর কোনো আস্থা নেই। মানুষেরও কোনো আস্থা নেই ব্যর্থ সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী এই সরকারের ওপর। তাই জোটের পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

আব্দুল জলিল বলেন, হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায় জোট সরকারের মূলে আঘাত করেছে। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে অবৈধভাবে গড়া দল রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে না।

আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, এ রায়ের যদি কোনো কার্যকরিতা না-ই থাকবে, তবে গভীর রাতে বিচারপতিকে ডেকে নিয়ে সরকার রায়ের বিরুদ্ধে আপীল করেছে কেন?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সারা দেশে জোটের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে। জাতিকে ঐক্যবদ্ধ করে তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

আব্দুর রাজ্জাক বলেন, গণতন্ত্র রক্ষা করতেই ১৪ দল ঐক্যবদ্ধ হয়েছে। আমরা নির্বাচন চাই। তবে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার না করে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এ দাবি বাস্তবায়ন করে জোটের কবল থেকে দেশ জাতিকে মুক্ত করতে হবে।

হাসানুল হক ইনু বলেন, বোমাবাজদের এমনভাবে মোকাবেলা করতে হবে যেন দেশে বোমার রাজনীতি চিরতরে বন্ধ হয়। উগ্র মৌলবাদি সশস্ত্র সাম্প্রদায়িক শক্তির মুলোৎপাটন করে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক শক্তির সরকার কায়েম করতে হবে।