২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা

নির্বাচন কমিশন শনিবার জাতীয় সংসদে সংরক্ষিত ৪৫ টি নারী আসনের ৩৬ টিতে বেসরকারিভাবে নির্বাচিত এমপিদের নাম ঘোষণা করেছে। প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় অবশিষ্ট নয় আসন ফাঁকা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

নির্বাচিত ৩৬ নারী এমপির মধ্যে ৩০ জন ক্ষমতাসীন বিএনপির, জামাতের তিনজন, জাতীয় পার্টির (এরশাদ) দুইজন এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) একজন।

বিএনপির নির্বাচিত নারী এমপিরা হলেন, সরোয়ারি রহমান, সেলিমা রহমান, শাহরিয়ার আখতার বুলু, খালেদা পান্না, রাবেয়া চৌধুরী, খালেদা রব্বানি, ইয়াসমিন আরা হক, বেগম শামসুন্নাহার খাজা আহসানউল্লাহ, বিলকিস ইসলাম, রওশন আরা ফরিদ, শাহানা রহমান রানী, হেলেন জেরিন খান, রোজি কবির, নূরে আরা সাফা, সৈয়দা নার্গিস আলী, চমন আরা, আবেদা চৌধুরী, রেহেনা আক্তার রানু, অ্যাডভোকেট ফেরদৌস আক্তার ওয়াহিদা, অধ্যাপক বিলকিস জাহান শিরিন, রীনা পারভিন, নূর আফরোজ জ্যোতি, হোসনে আরা গিয়াস, তাসমিন রানা, শাম্মী শের, রোকেয়া আহমেদ লাকী, সুলতানা আহমেদ, নূরজাহান ইয়াসমিন, রায়হান বানু এবং জাহান পান্না।

জামাতের তিন নারী সাংসদ হলেন-শাহানারা বেগম, সুলতানা রাজিয়া এবং ড. আমেনা বেগম। অন্যদিকে জাতীয় পার্টির (এরশাদ) সাংসদরা হলেন, মেরিনা রহমান এবং সৈয়দা রাজিয়া ফয়েজ।

সংরক্ষিত নারী আসনে বিজেপির (নাজিউর) একমাত্র নারী এমপি হলেন নাবিলা চৌধুরী। 

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব  এবং এ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জকরিয়া সাংবাদিকদের বলেন, দু’একদিনের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হবে।    

প্রজ্ঞাপণ জারির পর সংসদ সচিবালয় নির্বাচিত এমপিদের শপথ গ্রহণের তারিখ ঘোষণা করবেন। নির্বাচনী আইনানুযায়ী, ৩৬ আসনের প্রজ্ঞাপণ জারির পর ২১ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনকে ওই নয় আসনে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে।

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি ওই নয় আসন পাবে। তবে সংসদে প্রতিনিধিত্ব আছে- এমন কোনও রাজনৈতিক দলকে তারা চাইলে ওই আসন প্রস্তাব করতে পারবে।