খুলনায় হরকাতুল জেহাদের দুই সদস্যকে গ্রেপ্তার
গত ১৭ আগস্টের ধারাবাহিক বোমা বিস্ফোরণে জড়িত সন্দেহে খুলনা মহানগর এলাকা থেকে আব্দুর রশিদ (৪০) এবং মামুন (২৫) নামে হরকাতুল জেহাদের দুই জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের মোস্ট ওয়ান্টেডরা এখনও রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে।
কেএমপির গোয়েন্দা শাখার সহকারী কমিশনার জহরুল হক বিডিনিউজকে জানান, বৃহষ্পতিবার সন্ধ্যায় খালিশপুর হাউজিং এলাকার খবির উদ্দিনের ছেলে আব্দুর রশীদকে তারা গ্রেপ্তার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে নিজেকে হরকাতুল জেহাদের সদস্য বলে স্বীকার করে। ধারাবাহিক বোমা হামলা সম্পর্কে সে পুলিশকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানা গেছে। খুলনা পুলিশ শনিবার তার সাত দিনের রিমান্ড চেয়েছে। রোববার রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে আব্দুর রশীদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ নগরীর খালিশপুর এলাকা থেকে হরকাতুল জেহাদের জঙ্গি সদস্য মামুনকে গ্রেপ্তার করে। মামুন এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
