২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের রায় অনুসারে বর্তমান জোট সরকারও অবৈধ : শেখ হাসিনা

সংবিধানের ৫ম সংশোধনী অবৈধ সংক্রান্ত হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, হাইকোর্টের এ রায় অনুযায়ী ৭৫ এর ১৫ আগষ্ট থেকে ৭৯ সাল পর্যন্ত সরকারগুলো অবৈধ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

তাই অবৈধ সরকারের ফরমানে যারা রাজনীতি করার অধিকার পেয়েছে, তাদের নিয়ে সরকার গঠন করাও অবৈধ। বর্তমান জোট সরকারও অবৈধ।

তিনি বলেন, হাইকোর্টের এ রায়ের মাধ্যমে গণতন্ত্র, আইনের শাসন এবং দেশের প্রকৃত ইতিহাসের ধারা পুন:প্রতিষ্ঠিত হবে।

মৌলভীবাজার জেলা ও বিভিন্ন উপজেলার আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে ঢাকায় ফিরে বুধবার সন্ধ্যায় শেখ হাসিনার সাথে সুধাসদনে দেখা করতে এলে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে অস্ত্র উঁচিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল ও সামরিক শাসন জারি করে জামাতকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। আর সেই জামাতকে নিয়ে জোট গঠন করে খালেদা জিয়া ক্ষমতায় এসেছেন।

যে সকল কর্মকর্তা এ সকল অবৈধ সরকারের দোসর হিসেবে কাজ করেছে, তাদের তালিকা প্রনয়ণের জন্য যুবলীগ নেতা কর্মীদের নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, ইতিহাস বিকৃত করে ইতিহাসের ধারাকে কেউ রোধ করতে পারে না। ইতিহাস সত্যকেই প্রতিষ্ঠিত করে। সত্য ও সুন্দরের জয় হবেই। সত্যকে কেউ ধামাচাপা দিয়ে রাখতে পারবে না।