৭৫’র ১৫ আগস্ট থেকে ৭৯’র ১৭ এপ্রিল পর্যন্ত সকল সরকার অবৈধ: হাইকোর্ট
হাইকোর্ট সোমবার ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ১৯৭৯ সালের ১৭ এপ্রিল পর্যন্ত খন্দকার মোশতাক, বিচারপতি সায়েম ও জেনারেল জিয়াউর রহমানের সরকারকে অবৈধ এবং সংবিধান ও আইনবহির্ভূত ঘোষণা করেছেন।
বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ ঘোষণা দেন। আদালত একই সাথে ওই সময়কালে সংবিধানের পঞ্চম সংশোধনীসহ তৎকালীন সরকারগুলোর কার্যক্রম অবৈধ ও বেআইনি ঘোষণা করেন।
এছাড়াও হাইকোর্ট তার রায়ে ২২ দফা অভিমত প্রদান করেন।
অভিমতে আদালত ১৯৭৯ সালের পর থেকে ১৯৯১ সালের ১ এপ্রিল পর্যন্ত সরকারসমূহও বৈধ ছিলো না বলে উল্লেখ করেন।
অভিমতে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকালে সামরিক শক্তির ছায়ায় খন্দকার মোশতাক আহমেদের ক্ষমতা গ্রহণ এবং ১৯৭৫ সালের ২০ আগস্ট প্রজ্ঞাপণ জারির মাধমে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ সুস্পষ্টভাবে সংবিধানের লংঘন, অবৈধ ও আইনবহির্ভূত। একই সাথে মোশতাক আহমেদের সকল কার্যক্রমকে আইনবহির্ভূত ও অবৈধ ঘোষণা করেন আদালত।
আদালত সংবিধানকে পাশ কাটিয়ে ১৯৭৫ সালের ৬ নভেম্বর আবুু সাদাত মোহাম্মদ সায়েমের পক্ষে তার রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণকেও অবৈধ ও আইনবহির্ভূত হিসেব উল্লেখ করেছেন।
আদালত জানান, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ এবং প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তার ক্ষমতা অধিগ্রহণ, উপ-প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ এবং ১৯৭৫ সালের ৮ নভেম্বরের প্রজ্ঞাপণ জারি এসকলই সংবিধান লংঘনের অংশ এবং অবৈধ ও আইনবহির্ভূত। একই সাথে এদের সকলের কার্যক্রম অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।
১৯৭৬ সালের ২৯ নভেম্বর তৃতীয় প্রজ্ঞাপণের মাধ্যমে মেজর জেনারেল জিয়াউর রহমানের কাছে আবু সাদাতের ক্ষমতা অর্পণ এবং তাদের পরবর্তী সকল কার্যক্রমকেও অবৈধ ও আইনবহির্ভূত হিসেবে আদালত উল্লেখ করেন।
হাইকোর্ট বেঞ্চ সংবিধান বহির্ভূত উপায়ে ১৯৭৭ সালের ২১ আগস্ট আবু সাদাত মোহাম্মদ সায়েম মেজর জেনারেল জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে যে মনোনয়ন দেন এবং তার কাছে রাষ্ট্রপতির ক্ষমতা অর্পণ করেন তাকেও অবৈধ ঘোষণা করেছেন।
সংবিধানকে পাশ কাটিয়ে ১৯৭৭ সালের ২১ এপ্রিল মেজর জেনারেল জিয়াউর রহমানের রাষ্ট্রপতির ক্ষমতাগ্রহণ এবং পরবর্তীকে রাষ্ট্রপতি হিসেবে তার সকল কার্যক্রম আদালত অবৈধ হিসেবে উল্লেখ করেন।
কেবলমাত্র জনগণের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ১৯৭৭ সালের ১ মে জিয়াউর রহমান যে স্মারক আদেশ-১৯৭৭ জারি করেন তা অবৈধ বলে আদালত ঘোষণা করেন।
সংবিধান যে সবার উপরে এ সত্যকে অগ্রাহ্য করে বিচার বিভাগ পুনর্গঠন সংক্রান্ত সংবিধানের চতুর্থ অধ্যায়ের ১৮ পরিচ্ছেদকেও (প্যারা) আদালত অসাংবিধানিক হিসেবে উল্লেখ করেন।
পুর্বে জারিকৃত একটি রুলের শুনানি শেষে হাইকোট এ আদেশ দেন।
সরকার ১৯৭২ সালে ঢাকার ওয়াইজঘাটের মুন সিনেমা হলের জমি পরিত্যাক্ত সম্পত্তি ঘোষণা করে এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে ওই সম্পত্তি প্রদান করে।
জমির মালিকানা ফিরে পেতে মালিক মাকসুদ আলম হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্ট ১৯৭৭ সালে আবেদনকারীকে ওই জমি ফিরিয়ে দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেন।
তবে সরকার ১৯৭৭ সালের সামরিক আইন অনুযায়ী জমির মালিককে ওই জমি হস্তান্তর না করে হাইকোর্টের আদেশ অমান্য করে।
পরে ১৯৯৪ সালে মাকসুদ আলম পুনরায় হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। তবে তখন হাইকোর্ট ওই পিটিশন খারিজ করে দেন।
বর্তমানে বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ ২০০০ সালে সামরিক শাসনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।
এ ব্যাপারে হ্ইাকোর্ট সরকারের প্রতি একটি রুল জারি করেন।
ওই রুলের দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট আবেদনকারীকে জমির মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেন।
আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন আজমালুল হোসেন কিউসি। অন্যদিকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আখতার ইমাম এবং সরকারের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল।
