ফরিদপুর-১ আসনের উপনির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন
ফরিদপুর-১ আসনে ৩০ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠেয় উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনের তিন প্রার্থী-বিএনপি’র শাহ মোহাম্মদ আবু জাফর, ইসলামী ঐক্যজোট নেতা মুফতি মোহাম্মদ শরাফত হোসাইন। নিয়মানুযায়ী রোববার মধ্যরাত থেকে সকল প্রচারাভিযান বন্ধ রয়েছে।
আওয়ামী লীগ সাংসদ কাজী সিরাজুল ইসলাম চলতি বছরের ৪ জুন দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়ায় ওই আসনটি ফাঁকা হয়ে যায়। বিএনপি দলীয় প্রার্থী হিসেবে প্রথমে কাজী সিরাজের নাম ঘোষণা করলেও পরে শাহ জাফরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।
সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে ওই সংসদীয় আসনে ছুটির দিন ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।
নির্বাচনে ১৪৬টি কেন্দ্রে প্রায় ৩,২২,২৯৮ ভোটার ভোট দেবে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন পরিচালনার জন্যে ১৪৬ জন প্রিজাইডিং অফিসার, ৬১৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১,২৩২ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।
জাল ভোট প্রদানসহ নির্বাচনি অপরাধ তদারকি করতে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে।
সোমবার মধ্যরাত থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত নির্বাচনি এলাকায় মোটর সাইকেল, মাইক্রোবাস, বেবি ট্যাক্সি, পিকআপসহ সকল মোটর যান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
তবে নির্বাচন পরিচালনার জন্যে নিয়োজিত কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, নির্বাচন পর্যবেক্ষক, সাংবাদিক এবং জরুরি কাজে নিয়োজিত অনুমোদিত যানের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
পাশাপাশি সোমবার থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত নির্বাচনি এলাকায় সাধারণ জনগণকে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন করতেও নিষেধ করা হয়েছে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে। তারা ভোটারদের ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে সভা-সমাবেশ করেছে।
