১৫ বছরে দেশে ৭৬ টি উপ নির্বাচন অনুষ্ঠিত
মঙ্গলবার অনুষ্ঠেয় ফরিদপুর ১ আসনের উপ-নির্বাচনটি হতে যাচ্ছে ১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র পুণঃস্থাপিত হওয়ার পর দেশের ৭৬ তম উপ-নির্বাচন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায, এর আগের ৭৫ টি উপ নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি ৩৫ টি আসনে ও আওয়ামী লীগ ২৫ টি আসনে বিজয়ী হয়েছিল। এছাড়া জাতীয় পার্টি (এরশাদ) সাতটি আসনে এবং জাতীয় পার্টি (মঞ্জু), ইসলামী ঐক্যজোট ও বিকল্পধারা একটি করে আসনে বিজয়ী হয়েছিল।
৭৫ টি উপ নির্বাচনের মধ্যে সাতটি উপ নির্বাচন নিয়ে নানা কারণে বিতর্কের সৃষ্টি হয়। বিরোধী দলের নির্বাচন বর্জন সংস্কৃতির কারণে অনেক সময় নির্বাচনের গ্রহণযোগ্যতা কমে যায়। পরিসংখ্যান অনুযায়ি, ২০০১ সালের সাধারণ নির্বাচনের পর আওয়ামী লীগ ছয়টি উপ নির্বাচনে অংশ নেয় এবং মঙ্গলবার অনুষ্ঠেয় ফরিদপুর ১ আসনের উপ নির্বাচন বর্জনের মধ্য দিয়ে জোট সরকারের আমলে বর্জনকৃত নির্বাচনের সংখ্যা দাড়ালো ১৬ এ।
উপ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া আসনগুলো হচ্ছে নড়াইল ১ ও ২, ফরিদপুর ৪ , নেত্রকোনা ৩, বড়গুনা ৩ ও গাজীপুর ২। এর মধ্যে শুধু গাজীপুর ২ আসনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল।
অন্যদিকে ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনের পর ৩১ টি উপ নির্বাচনের মধ্যে বিএনপি ১১ টি উপ নির্বাচন বর্জন করে।
ফলাফল থেকে দেখা যায়, উপ নির্বাচনে ক্ষমতাসীন দল অধিকাংশ আসনে বিজয়ী হয়ে থাকে। চারদলীয় জোট ক্ষমতাসীন হওয়ার অনুষ্ঠিত ২১ টি উপ নির্বাচনের মধ্যে বিএনপি ১৭ টি আসনে বিজয়ী হয়। ১৯৯৬ সালের নির্বাচনের পর অনুষ্ঠিত ৩১ টি উপ নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল ২০ টি আসনে। ফলাফল থেকে আরও দেখা যায়, বিরোধী দলের সংসদ সদস্যের মৃত্যু বা অন্য কারণে আসন শূণ্য হওয়ার পর উপ নির্বাচনে সাধারণত বিরোধী দল তাদের আসন পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছে।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর আওয়ামী লীগের ১৫ টি আসন, বিএনপির ১০ টি, জাতীয় পার্টির (এরশাদ) পাঁচটি এবং জাতীয় পার্টির (মঞ্জু) একটি আসন শূণ্য হয়। উপ নির্বাচনে আওয়ামী লীগ ১৫ টি আসনেই বিজয়ী হয়। উপ নির্বাচনে এছাড়াও তারা আরও পাঁচটি আসনে বিজয়ী হয়। অন্যদিকে তৎকালীন বিরোধী দল বিএনপি তাদের ১০ টি আসনের মধ্যে পাঁটিতে বিজয়ী হয়েছিল। জাতীয় পার্টি (এরশাদ) দুইটি এবং জাতীয় পার্টি (মঞ্জু) একটি আসন পুনরুদ্ধার করেছিল।
১৯৯১ সালে বিএনপি ক্ষমতা গ্রহণের পর ২৩ টি আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপি ১৩ টি আসনে এবং আওয়ামী লীগ চারটি আসনে বিজয়ী হয়েছিল। জাতীয় পার্টি (এরশাদ) বিজয়ী হয়েছিল পাঁচটি আসনেই। এছাড়া দুজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছিলেন।
