২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসের সাথে কথা বলতে হবু নারী সাংসদদের ওপর বিএনপির নিষেধাজ্ঞা

সাংবাদিকদের সাথে কথা না বলতে দলের হবু নারী এমপিদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সংরক্ষিত নারী আসনের সাংসদদের সাংবাদিকদের সাথে কথা বলতে এখন থেকে দলীয় হাই কমান্ডের অনুমতির প্রয়োজন হবে।

মহিলা এমপিরা বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারবেন না, সরকারের এ সিদ্ধান্তের ব্যাপারে হবু এমপিরা মিডিয়ায় তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার নির্বাচন কমিশনের কার্যালয়ে বিএনপির একজন উত্তেজিত নেতা নারী প্রার্থীদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, ভবিষ্যতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন না, ইতোম্েযধই এ ইস্যুতে কথা বলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।

তিনি আরও বলেন, আপনারা এমপি না গাড়ির মালিক হতে চান....এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সাথে এত কথা বলার কী আছে? এভাবেই দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

আসন্ন নির্বাচনের আগে বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা বঞ্চিত বিএনপি নেত্রীরা সরকারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।

গত ২২ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড এক সার্কুলারে জানায়, সংসদ সদস্য হিসেবে দুই বছর অতিবাহিত হওয়ার পর প্রত্যেক নতুন এমপিকে শুল্ক মুক্ত গাড়ি আমদানির অনুমতি দেওয়া হবে।

ওই নেতা আরও বলেন, আপনারা দলের চেইন অব কমাণ্ড ভেঙ্গেছেন। এটা করা ঠিক হয়নি। শুধুমাত্র সেলিমা আপা (সেলিমা রহমান) এ ইস্যুতে মিডিয়ার সাথে কথা বলবেন।

তিনি বলেন, মিডিয়ার মুখোমুখি হওয়ার মতো ন্যুনতম যোগ্যতা আপনাদের নেই....জামাতের নারী নেত্রীদের দিকে দেখুন-তারা শনিবার কীভাবে মিডিয়ার মোকাবেলা করেছে।

মৌখিক এই হুশিয়ারির পর বিএনপি’র নারী নেত্রীরা রোববার এই ইস্যুতে সংবাদ মাধ্যমের সাথে আর কোনও কথা বলেননি।

সাংস্কৃতিক প্রতিমন্ত্রী সেলিমা রহমান বলেন, আমি তাদেরকে বারবার বলেছি, আপনারা এ ইস্যুতে মিডিয়ার সাথে কথা বলবেন না...কিন্তু তারা কথা শোনেনি।

এ ব্যাপারে (গাড়ি সংক্রান্ত) মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করায় তিনি সরাসরি হেলেন জেরিন খান ও সুলতানা আহমেদকে দায়ি করেছেন।

তবে দায়ি নেত্রীরা এখন মিডিয়াকেই দোষারোপ করছেন। তারা বলছেন, মিডিয়া তাদের বক্তব্য অন্যভাবে উপস্থাপন করেছে।

ক্ষমতাসীন বিএনপি’র প্রত্যেক প্রার্থী মনোনয়নের জন্য সাড়ে তিনলাখ টাকা খরচ করেছেন।

তারা মনোনয়নপত্র কেনার সময় পাঁচ হাজার টাকা জমা দিয়েছেন এবং ওই মনোনয়নপত্র দাখিলের সময় আরও ২৫ টাকা জমা দেন।

আর যে ৩০ জন নেত্রীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে তাদের প্রত্যেকে পার্টি ফান্ডে তিনলাখ টাকা ডোনেশন দিয়েছেন।