শনিবার সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য প্রার্থীরা আগামী শনিবার নির্বাচন কমিশনে তাদের মনোনয়নপত্র দাখিল করবে।
নির্বাচন সূচি অনুযায়ী রোববার মনোননয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং ১ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ধার্য করা হয়েছে ।
নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি পাবে ৩০ টি আসন, আওয়ামী লীগ পাবে ৯ টি আসন, জামাত তিনটি এবং জাপা (এরশাদ) দুইটি, বিজেপি (নাজিউর) পাবে একটি আসন।
সর্বমোট ২৮৪ জন আগ্রহী প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে বিএনপি তাদের ৩০ প্রার্থীর নাম ঘোষণা করেছে।
জোট সরকারের অপর শরীক জামাতে ইসলাম শুক্রবার পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করে নি। দলীয় সূত্র জানায়, মনোনয়নপত্র দাখিলের পূর্বে শনিবার সকালে দলের দপ্তর সম্পাদক আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করবে।
অন্যদিকে বিজেপিও (নাজিউর) তাদের নির্ধারিত এক আসনের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
তবে জাতীয় পার্টি (এরশাদ) তাদের সংসদীয় বোর্ড সভায় প্রার্থী হিসেবে দলের চেয়ারম্যান এরশাদের ছোট বোন মেরিনা রহমান এবং দলের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা রাজিয়া ফয়েজ’র নাম ঘোষণা করেছে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ইতোমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, নিয়মানুযায়ী নির্বাচনের পর ২১ টি কার্য দিবসের মধ্যে ওই নয় আসনে নির্বাচনের জন্য নতুন তারিখ ঘোষণা করা হবে।
দেশে প্রথমবারের মতো সংসদে রাজনৈতিক দলগুলোর আসন সংখ্যার অনুপাতে ৪৫ টি সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
