ধারাবাহিক বোমা হামলায় জামা’আতুল মুজাহিদীন জড়িত, স্বীকার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
প্রথম বারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার স্বীকার করেছে দেশজুড়ে ১৭ আগস্টের বোমা হামলার জন্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দায়ি।
স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) ও মুখপাত্র মোহাম্মদ মহসীন জয়েন্ট ইন্টারোগেশন সেলের কাছে চার জেএমবি জঙ্গি ধারাবাহিক বোমা হামলার সাথে জড়িত থাকার ব্যাপারে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তা তুলে ধরেন।
এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, হ্যা, আটক ওই চার জঙ্গি জেএমবি কর্মী এবং বোমা হামলার সাথে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে।
মোহাম্মদ মহসীন জানান, এদের দু’জনকে কুষ্টিয়া এবং অপর দু’জনকে সাতক্ষীরা থেকে আটক করা হয়। তারা বোমা হামলার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
হামলার তদন্ত চলায় তিনি চার জেএমবি জঙ্গির ব্যাপারে এর বেশি তথ্য জানাতে অস্বীকৃতি জানান।
দেশের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৫৫ জামা’আতুল মুজাহিদীন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩২ জনকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় এনে জিজ্ঞাসাবাদের পর এদের ২৬ জনকে আবার তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেয়া হয়।
তিনি আরও বলেন, জয়েন্ট ইন্টারোগেশন সেলের সদস্যরা ছয় সন্দেহভাজন জঙ্গিকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করেছে।
মোহাম্মদ মহসীন জানান, সাতক্ষীরা ও কুষ্টিয়া থেকে গ্রেপ্তারকৃত আরও তিন সন্দেহভাজন জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য শিগগিরই জয়েন্ট ইন্টারোগেশন সেলের কাছে হস্তান্তর করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মঙ্গলবার দেশ থেকে পালিয়ে লন্ডন যাওয়ার সময় বিমান বন্দরে আটক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের ব্যাংক অ্যাকাউন্ট তল্লাশি করার জন্য সরকার আদালতের অনুমতি পেয়েছে।
ধারাবাহিক বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ১৫২টি মামলা দায়ের করা হয়েছে।
গত ১৭ আগস্ট ঢাকাসহ দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালানো হয়। এতে দু’জন নিহত এবং তিনশ’র বেশি আহত হয়।
