২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরপেক্ষ নির্বাচনের জন্যে রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন ও দলগুলোতে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি’

দেশের প্রধানসারির সুশীল সমাজ প্রতিনিধিবর্গ ও বুদ্ধিজীবীরা বৃহস্পতিবার একটি আলোচনায় মিলিত হয়ে একটি দক্ষ নাগরিক কমিটির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের কমিটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 08:06 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

আসন্ন সংসদ নির্বাচন, জাতীয় অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা কালে বক্তারা রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন, রাজনৈতিক দলগুলোর মধ্যে শৃঙ্খলা আনায়ন এবং তাদের দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর জোর দেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বৃহস্পতিবার নগরীর ব্রাক ইন সেন্টারে “আসন্ন জাতীয় নির্বাচন: সুশীল সমাজের ভূমিকা নির্ধারণ” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠানে মূল নিবন্ধ উপস্থাপন করেন এর নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

আলোচনায় অংশ নেন মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, গণস্বাস্থ্য কেন্দ্রের ড. জাফরুল্লাহ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শওকত হোসেন, বিজিএমইএ সভাপতি আনিসুল হক, দৈনিক অর্থনীতি সম্পাদক জাহিদুজ্জামান ফারুক, এসিআই’র চেয়ারম্যান আনিসুদ্দৌলা প্রমুখ।

এ বিষয়ে সিপিডি ধারাবাহিক আলোচনা শেষে সুপারিশমালার সমন্বয়ে একটি ভিশন পেপার প্রস্তুত করবে। এছাড়াও গুরুত্বপূর্ণ ইস্যুসমূহ নিযে মতামত সংগ্রহে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। পরবর্তীতে এ সব সুপারিশ অনুযায়ী কাজ করতে রাজনৈতিক দলগুলোর ওপর চাপ প্রয়োগ করা হবে।