২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসৎ রাজনীতিকরা ছাত্রদের ব্যবহার করছে ক্ষমতার সিঁড়ি হিসাবে’

সংবিধান বিশেষজ্ঞ, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, অসৎ রাজনীতিকরা অবৈধ উপায়ে ক্ষমতায় যাবার জন্য ছাত্রদের ব্যবহার করছে সিঁড়ি হিসাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে গণফোরামের ছাত্র সংগঠন জাতীয় ছাত্রধারার জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, বিশ্বমানের শিক্ষা বাংলাদেশে অর্জন করতে হলে আধুনিক শিক্ষা উপকরণ ও পদ্ধতি এবং মানসম্মত শিক্ষক নিয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ে প্রত্যেক ছাত্রছাত্রীরই অধিকার আছে তাদের প্রতিভা বিকাশের । কিন্তু রাজনীতির কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে।

সম্মেলনে আরও বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, প্রকৌশলী আবুল কাশেম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু প্রমুখ। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠনের দু‘গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত মেধাবী ছাত্রী সাবেকুন্নাহার সনির মা ও বাবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ড. কামাল হোসেন অভিযোগ করেন, অসুস্থ রাজনীতি সারাদেশে ছাত্রদের হাতে অস্ত্র ও কালো টাকা তুলে দিয়ে সন্ত্রাস ছড়াচ্ছে।

সম্মেলনে ড. কামাল হোসেন আরও বলেন, পৃথিবীতে এমন কোন শক্তি নাই, যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি ধ্বংস করতে পারে।