আ. লীগ বিএনপির কারণে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে: হিযবুত তাহরীর
হিযবুত তাহরীর বাংলাদেশ বৃহস্পতিবার অভিযোগ করেছে, বিরোধী দল আওয়ামী লীগ ও ক্ষমতাসীন বিএনপি কোন ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করার ফলে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে।
তারা বলে, সাম্প্রতিক বোমা হামলার ঘটনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ। এটিও বাংলাদেশ ধ্বংসের ভারতের নীল নকশার অন্যতম বলে তারা উল্লেখ করেন।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিযবুত তাহরীর বাংলাদেশ’র সমন্বয়ক ও মুখপাত্র মহিউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতের আধিপত্য বিস্তারের অংশ হিসেবেই বোমা বিস্ফোরণ করা হয়েছে, অন্য কারো স্বার্থে নয়।
মহিউদ্দিন আহমেদ বলেন, ইসলামের নামে এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। তিনি সকলকে আওয়ামী লীগ ও বিএনপির ক্ষমতালোভী ও প্রতিশোধপরায়ণ রাজনীতির আবর্ত থেকে সরে আসার আহ্বান জানান। তিনি বলেন, বড় এ দল দু’টি নিজেদের স্বার্থে একে অপরকে দোষারোপ করা ছাড়া দায়িত্বজ্ঞানসম্পন্ন কোনও ভূমিকা পালন করেনি।
সংবাদ সম্মেলনে মহিউদ্দিন আহমেদ দেশ বিদেশে হিযবুত তাহরীর সংগঠনের কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের পার্টি নিষিদ্ধ করে যে প্রতিবেদন প্রকাশ পেয়েছে তা অস্বীকার করেন। তিনি বলেন, এশীয় সংখ্যালঘুসম্পন্ন দেশে হিযবুত তাহরীরের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে সেসব দেশের সরকার যে আদেশ দিয়েছিল দলটি সে আইনি লড়াইয়ে জয়ী হয়েছে।
হিযবুত তহরীর বাংলাদেশ’র নেতারা বোমা হামলার সাথে জামায়াতের যোগসূত্রের কথা আকার ইঙ্গিতে বললেও তারা ক্ষমতাসীন জোটের শরিক জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে তাদের যোগসূত্রের কথা উড়িয়ে দেন।
