২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে সিরিজ বোমা হামলা নিয়ন্ত্রণ করা হয় ঢাকা থেকে

সারাদেশে ১৭ আগস্ট একযোগে সিরিজ বোমা হামলার পরিকল্পনা কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকেই করা হয়েছিল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

একাধিক পুলিশ সূত্র জানায়, জামা’আতুল মুজাহিদীনের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা ওই বোমা হামলার পরিকল্পনা ঢাকা থেকেই বাস্তবায়ন করার দিকনির্দেশনা দিয়েছেন।

এদিকে নজিরবিহীন বোমা হামলা ও লিফলেট বিলি করে এর দায়িত্ব স্বীকার করার পরেও জঙ্গি দমনে বৃহত্তর রাজশাহী অঞ্চলের পুলিশ প্রশাসন উদাসীন। পুলিশ জানায়, ওপর মহলের সুনির্দিষ্ট নির্দেশ না থাকায় তারা চিহ্নিত মৌলবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বিডিনিউজকে জানান, ১৭ আগস্ট ঘটনার পর পুলিশ সদর দফতর থেকে তাদের জঙ্গি বিরোধী সর্বাত্মক অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। এ জন্য রাজশাহী পুলিশ ব্যাপক প্রস্তুতিও নেয়।

তারা জানান, কিন্তু আকস্মিকভাবে আবার ওপর মহলের ওই নির্দেশ স্থগিত করায় শেষ পর্যন্ত আদৌ কোনও জঙ্গি বিরোধী অভিযান হয়নি।

অনুসন্ধানে জানা যায়, বোমা হামলার ঘটনার পরদিন ১৮ আগস্ট পুলিশ সদর দফতর থেকে রাজশাহী বিভাগীয় পুলিশকে ১৬ জন শীর্ষ জঙ্গির একটি তালিকা দিয়ে জরুরি ভিত্তিতে তাদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। এছাড়া গত বছর দেওয়া আরেক তালিকায় জঙ্গি নেতা বাংলা ভাইয়ের কথিত ঘাঁটি অঞ্চল বাঘমারার সাড়ে তিনশ’ জঙ্গির নাম রয়েছে।

জানা যায়, পুলিশ দ্রুততার সাথে উল্লেখিত ১৬ জন জঙ্গির মধ্যে আটজনকে গ্রেফতার করে। একই সময়ে দেশের অন্যান্য অঞ্চল থেকে জঙ্গিদের গ্রেফতার করে ঢাকায় সামরিক-বেসামরিক গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) পাঠানো হয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে পরে আর ওই গ্রেফতারকৃত আটজনকে এখনও জেআইসিতে পাঠানো হয়নি।

রাজশাহী বিভাগের একাধিক গোয়েন্দা সংস্থা অনেকদিন ধরেই এ অঞ্চলের জঙ্গি তৎপরতার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে আসছে। বাংলা ভাইয়ের জাগ্রত মুসলিম জনতা, জামা’আতুল মুজাহিদীন, হরকাতুল জেহাদ, হিজবুত তওহিদসহ বেশ কযেকটি জঙ্গি দল ও সংগঠন সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে এসব গোয়েন্দা প্রতিবেদনে। কিন্তু ওপর মহলের পক্ষ থেকে কখনোই এদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।

পুলিশ কর্মকর্তারা বলছেন, এ অবস্থায় তাদের আশংকা রাজশাহী অঞ্চলে সক্রিয় একাধিক সন্ত্রাসী গ্রুপ আবারও যেকোনও সময় নাশকতামূলক তৎপরতা চালাতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই হয়ে পড়বে দূরূহ।

পুলিশ কর্মকর্তরা আশংকা করে বলছেন, আগামী সংসদ নির্বাচনে ক্ষমতার পালা বদল হলে তাদেরও ভোগান্তির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।