২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় জমজমাট নির্বাচনী প্রচারণা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একাধিক আসনে নির্বাচন করতে পারেন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নেত্রকোনা জেলায় নির্বাচনী প্রচারণা। সরেজমিনে দেখা যায়, সর্বত্র চলছে নির্বাচনী প্রস্তুতির কাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 09:17 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

নেত্রকোনা জেলায় পাঁচটি আসনে গত সংসদ নির্বাচনে চারটি আসন যায় জোটের পক্ষে। বাকী একটি আসন যায় আওয়ামী লীগের ঘরে।

আগামী নির্বাচনে বিজয়ী হতে রাজনৈতিক দলগুলো নানা কৌশল নিতে ব্যস্ত। আওয়ামী লীগ চাইছে হারানো আসন পুনরুদ্ধার করতে। অন্যদিকে চার দলীয় জোট চাইছে সবকটি আসন ধরে রাখতে।

জামাত দলীয় সূত্র জানায়, জোটের সিদ্ধান্তের আলোকে যাদের মনোনয়ন দেওয়া হবে, তাদের পক্ষে ব্যয় করা হবে সর্বশক্তি।

জাতীয় পার্টি সূত্র জানায়, বিএনপি-আওয়ামী লীগ, যার সঙ্গেই তাদের জোট হোক না কেন, একটি আসনের স্বপ্ন দেখছে তারা।

জানা যায়, (নেত্রকোনা-১) দূর্গাপুর-কলমাকান্দা এলাকা গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। বেশির ভাগ ভোটারই হত দরিদ্র আদিবাসী গারো, হাজং ও কোচ সম্প্রদায়ের।

এ আসনে সাংসদ এমএ করিম আব্বাসী। কলেজের সাবেক শিক্ষক হওয়ার সুবাদে তিনি এলাকায় ‘স্যার’ হিসেবে পরিচিত। তবে তার ছোট ছেলের অনৈতিক কার্যকলাপের জন্যে তার ভাবমূর্তি কিছুটা ক্ষুন্ন হচ্ছে বলে এলাকাবাসী জানায়।

নেত্রকোনা-২ (সদর ও বারহাট্টা) আসনে আওয়ামী লীগের ব্যাপক অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। গত নির্বাচনে বিএনপির পক্ষে এ আসনটি নিশ্চিত থাকার পরেও সাবেক এমপি আশরাফ উদ্দিন খানের সঙ্গে বর্ষীয়ান সাংসদ ‘দানবীর’ বিসেবে পরিচিত হাজী আবু আব্বাসের কোন্দলে কারণে আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যায়।

আশরাফ খান বর্তমান বিএনপির সাংসদ মোসাদ্দেক আলী ফালুর ভায়রা ভাই। এছাড়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামন বাবরের মামাত ভাইয়ের সঙ্গে তার মেয়ের বিয়ে দেওয়ায় জেলাবাসী মনে করছেন, আশরাফ খানের দলীয় মনোনয়ন হাতের নাগালে।

সাধারণ ভোটাররা মনে করছেন, এ আসনে নতুন মুখ আসলে স্থায়ীভাবে আসনটি বিএনপির হাতেই থেকে যাবে।

এদিকে নেত্রকোনা পৌরসভার সাবেক চেয়ারম্যান মতিউর রহমান খান ও লে. কর্নেল নূর খান আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইছেন। কিন্তু মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ছিল বিতর্কিত, স্থানীয় সূত্র জানায়। বিএনপির জনপ্রিয় সাংসদ মরহুম নূরুল আমিন তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে স্ত্রী সাংসদ খাদিজা আমিন এবং তার দুই পুত্র অনুপস্থিত থাকায় আটপাড়া কেন্দুয়া আসনে সাধারণ ভোটার ও দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

নেত্রকোনা-৩ আসনের দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দৃষ্টি নিক্ষেপ করছেন বলে জেলাবাসী মনে করেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তরুণ শিল্পপতি ইফতেখার উদ্দিন পিন্টু। এছাড়া এ আসনে মনোনয়ন প্রত্যাশী কিশোরগঞ্জের অধিবাসী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকীল।

নেত্রকোনা-৪ (মদন-মহনগঞ্জ-খালিয়াজুরী) আসন মানেই দুর্গম যাতায়াত ব্যবস্থা। শ্যালো ইঞ্জিন চালিত ট্রলার, নৌকা অথবা কলা গাছের ভেলাই এখানে প্রধান বাহন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফি আহমেদ কিংবা লে. কর্নেল (অব.) শাজাহানকে দিয়ে এ আসনটি পুনরুদ্ধার করা সম্ভব বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা। লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় এ আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মনোনয়ন চাইবেন, চার দলীয় জোটে এমন কারও নাম বাতাসেও উড়ছে না।

এদিকে বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী মোস্তফা জব্বার আওয়ামী লীগ থেকে এ আসনে নির্বাচন করতে পারেন। তবে এলাকার ভোটাররা জানান, তিনি এলাকায় আসেন না।

নির্বাচন বিশ্লেষকরা ধারণা করছেন, আওয়ামী লীগ প্রয়াত আব্দুল মমিনের স্ত্রী রেবেকা মমিন অথবা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা হাদিস উদ্দিনকে শেষ মুহূর্তে মনোনয়ন দিয়ে নতুন চমক সৃষ্টি করতে পারে।

নেত্রকোনা-৫ (পূর্বধলা-ধোবাউড়া) আসনের পূর্বধলা থানার ১১টি ইউনিয়ন এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার সাতটি ইউনিয়ন নিয়ে এ নির্বাচনী আসন।

এ আসনে বর্তমান বিএনপির সাংসদ ডা. মোহাম্মদ আলী, তার স্ত্রী কেন্দ্রীয় নেত্রী অধ্যক্ষ রাবেয়া আলী, তারই চাচাত ভাই সাইদুর রহমান মনোনয়ন দৌড়ে দৌড়াচ্ছেন।

শহীদ লে. কর্নেল আবু তাহেরের অনুজ পূর্বধলা থানা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল মনোনয়ন পেতে যাচ্ছেন-এমন কথা শোনা যাচ্ছে।

এছাড়া মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আহম্মদ হোসেন মনোনয়ন চাইছেন।