জালেম জোট সরকার খুনিদের মদদ দিচ্ছে : শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিএনপি জামাত জোট সরকার খুনি সন্ত্রাসীদের মদদ দিয়ে যাচ্ছে। তাদের উৎসাহিত করছে।
আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা বিশিষ্ট নারী নেত্রী আইভি রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
একুশ আগস্টের গ্রেনেড হামলা ও আইভি রহমানসহ ২৪ জনকে হত্যার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশে কোনো বিচার আচার নেই। জালেম খুনি জোট সরকার এক বছরেও অপরাধীদের গ্রেফতার করেনি, ঘটনার তদন্ত করে নি। তিনি বলেন, সরকার খুনিদের মদদ দিয়ে চলেছে।
বুধবার বিকেলে গুলশানের বাসভবন আইভি কনকর্ড টাওয়ারে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশগ্রহণকালে শেখ হাসিনা মরহুমার কন্যা ও নিকটাত্মীয়দের সান্তনা দেন। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
