১৫৬ আওয়ামী লীগ নেতা-কর্মীর আগাম জামিন লাভ
দোহারে থানা ভাংচুরের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় প্রধান বিরোধী দল আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূরসহ ১৫৬ নেতা-কর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।
অভিযুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন প্রার্থনা করেন।
আবেদনের শুনানি শেষে বিচারপতি আবদুর রশিদ ও বিচারপতি ফজলুর রহমান সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আসাদুজ্জামান নূরসহ ৫ জন নেতার আগাম জামিন মঞ্জুর করেন।
অন্যদিকে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এমদাদুল হক আজাদ সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৫০ জন নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেন।
এছাড়াও হাইকোর্ট মামলায় কেন অভিযুক্তদের সাধারণ জামিন মঞ্জুর করা হবে না তার ব্যাখ্যা চেয়ে সরকারের কাছে কারণ দর্শাও নোটিশ জারি করেছেন।
এর আগে গত শনিবার আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের এ ধরনের ‘রাজনৈতিক’ ফৌজদারি মামলায় অভিযুক্ত মোট ১৫০০ নেতা কর্মীর মধ্যে ৪৭৭ জন আগাম জামিন লাভ করে।
গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে দোহারে একটি অনুষ্ঠানে ক্ষমতাসীন বিএনপি’র কর্মীরা হামলা চালালে দলের শীর্ষ নেতা আসাদুজ্জামান নূরসহ শতাধিক ব্যক্তি আহত হয়।
পরে ১৫ ও ১৬ আগস্ট স্থানীয় পুলিশ তাদের কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগ এনে ওই ১৫শ’ আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনে। এদের মধ্যে পুলিশ আওয়ামী লীগ প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর ও দপ্তর সম্পাদক আবদুল মান্নানসহ ১০২ জনের বিরুদ্ধে নামে ও বাকীদের বিরুদ্ধে বেনামে অভিযোগ দায়ের করে।
অভিযুক্তদের পক্ষে ড. কামাল হোসেন ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ শুনানি পরিচালনা করেন। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবে আলম, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও অ্যাডভোকেট এমএ মান্নান।
