দোহার থানা আওয়ামী লীগের ৪৭৭ নেতাকর্মীর অন্তর্বর্তীকালীন জামিন
দোহার থানা আওয়ামী লীগের প্রায় এক হাজার পাঁচশ’ নেতাকর্মীর মধ্যে চারশ’ ৭৭ জন অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। দোহার থানায় সরকারের দায়ের করা দুটি ‘রাজনৈতিক’ মামলায় হাইকোর্ট রোববার তাদের জামিন দেয়।
মামলায় অভিযুক্তরা রোববার হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন জানায়।
জামিন লাভের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে জমায়েত হয়ে বিএনপি নেতা ও যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে স্লোগান দেয়। মামলা দায়ের ও হয়রানির জন্য তারা নাজমুল হুদাকে দায়ী করেন।
এখানে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন ব্যারিস্টার এম আমির-উল ইসলাম ও অ্যাড. এমএ মান্নান।
পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার হাইকোর্টের দুটি পৃথক বেঞ্চ অভিযুক্ত নেতাকর্মীদের জামিন প্রদান করেন।
১৫ আগস্ট শোকদিবস উদযাপন উপলক্ষ্যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর এমপি এবং দপ্তর সম্পাদক অ্যাড. আব্দুল মান্নান খানের উপস্থিতিতে শোক দিবসের অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। ওই হামলায় আসাদুজ্জামান নূরসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একশ’ নেতাকর্মী আহত হন।
১৫ ও ১৬ আগস্ট আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় এক হাজার পাঁচশ নেতাকর্মীকে দায়ী করে দোহার থানা পুলিশ দায়িত্ব পালনে বাধা দানের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে।
পুলিশ দুটি মামলায় আসাদুজ্জামান নূর ও অ্যাড. আব্দুল মান্নানসহ একশ’ দুই জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মোট ১৫ শ’ নেতাকর্মীর বিরুদ্ধে এফআইআর প্রদান করে।
একটি মামলায় অভিযুক্ত ৯৫ জন নেতাকর্মী হাইকোর্টে জামিন চেয়ে আবেদন জানায়। আবেদনের শুনানি শেষে বিচারপতি আব্দুর রশিদ ও বিচারপতি ফজলুর রহমানকে নিয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ তাদের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন এবং কেন তাদের নিয়মিত জামিন প্রদান করা হবে না এ ব্যাপারে সরকারের প্রতি কারণ দর্শানোর নির্দেশ দেন।
অপর এক মামলায় অভিযুক্ত তিনশ’ ৮২ জন অভিযুক্ত নেতাকর্মীর আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার শুনানি শেষে বিচারপতি খাদেমুল চৌধুরী ও বিচারপতি এমদাদুল হক আজাদকে নিয়ে গঠিত হাইকোর্টের অন্য একটি বেঞ্চ পুলিশ রিপোর্ট প্রদানের আগ পর্যন্ত জামিন আবেদনকারীদের হয়রানি ও গ্রেফতার না করার জন্য সরকারের প্রতি নির্দেশ জারি করেন।
আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমিনুল ইসলাম এবং তাদেরকে সহযোগিতা করেন অ্যাড. মাহবুবে আলম, অ্যাড. আব্দুল মতিন খসরু ও অ্যাড. এসএম রেজাউল করিম।
