২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র নিষিদ্ধ করা একটি অগণতান্ত্রিক আচরণ: তানভীর মোকাম্মেল

তানভীর মোকাম্মেল তার পরিচালিত ‘কর্ণফুলির কান্না’ নামক প্রামাণ্যচিত্র নিষিদ্ধ করার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 03:47 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

তিনি ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজকে বলেন, চলচ্চিত্র নিষিদ্ধ করা গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে না।

সরকার শনিবার ফৌজদারি কার্যপ্রণালী বিধির ৯৯ (ক) ধারা অনুযায়ী ‘দেশ ও জনগণের জন্য আপত্তিকর বক্তব্য পরিবেশনের’ অভিযোগে প্রামাণ্য চলচ্চিত্রটিকে নিষিদ্ধ করে।

তানভীর মোকাম্মেল বলেন, আমার ছবিটিতে এমন কিছুই নেই যা এর আগে বিভিন্ন বইপত্র বা গবেষণা কর্মে বলা হয়নি।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিছু সংকট রয়েছে। আমাদের উচিত সত্যকে স্বীকার করে নেওয়া।

কর্ণফুলি নদীর ওপর কাপ্তাই বাঁধ নির্মাণের কারণে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী পাহাড়ি জনগণের ওপর এর বিরূপ প্রভাব পড়ে। বদলে যায় পাহাড়ের ইতিহাস। এ বিষয়ে বাঙালি ও পাহাড়িদের সাক্ষাৎকারের ভিত্তিতে তানভীর মোকাম্মেল ৬০ মিনিটের ছবিটি তৈরী করেন। বাজারে ডিভিডি ও সিডি আকারে প্রামাণ্যচিত্রটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ব্যপক সাড়া পড়ে যায়।

তারভির মোকাম্মেল আরো বলেন, ডিজিটাল প্রযুক্তির এই যুগে ছবি নিষিদ্ধ করার এ জাতীয় পদক্ষেপ কাণ্ডজ্ঞানহীনতারই পরিচায়ক। ইতিমধ্যে অসংখ্য মানুষের কাছে এ ছবির ডিভিডি, সিডি বা কম্পিউটারের হার্ড ডিস্কে কপি রয়ে গেছে। এ ধরণের সিদ্ধান্ত কারো স্বার্থই হাসিল করবে না।

এ দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং আদিবাসী ফোরামের শীর্ষ স্থানীয় নেতা রূপায়ন দেওয়ান ‘কর্ণফুলির কান্না’ নিষিদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিডিনিউজকে তিনি বলেন, চলচ্চিত্রটিতে আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠির বাস্তব জীবনচিত্র তুলে ধরা হয়েছে। এটি একটি ভারসাম্যপূর্ণ ছবি এবং এতে অতিরঞ্জিত কিছু নেই।

তিনি আরো বলেন, এ ছবিটি সরকার নিষিদ্ধ করে আবারো প্রমাণ করলো পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে তাদের আন্তরিকতার অভাব রয়েছে। এভাবে চলতে থাকলে এর সমাধান সুদূর পরাহত হয়েই থাকবে।