সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ান : ২১ আগস্টের স্মৃতিফলক উদ্বোধনকালে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সশস্ত্র সন্ত্রাসী সাম্প্রদায়িক অশুভ শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্টের শহীদদের স্মরণে স্মৃতি ফলক উদ্বোধন অনুষ্ঠানে শপথ উচ্চারণ করে তিনি বলেন, বিএনপি জামাত জোটের সন্ত্রাস ও দু:শাসন থেকে দেশকে মুক্ত করবো ইনশাল্লাহ্। মৃত্যুকে আমি ভয় পাই না। বঙ্গবন্ধুর মতো শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে যাবো।
২১ আগস্ট হত্যাযজ্ঞের কথা উল্লেখ করে আবেগাপ্লুত শেখ হাসিনা কান্না জড়িত কণ্ঠে বলেন, বাংলার মানুষ কী অপরাধ করেছে? কেন ঘরে ঘরে কান্নার রোল আর হাহাকার? আর কতো রক্ত দিতে হবে বাংলার মানুষকে? আর কতো রক্তাক্ত হবে বাংলাদেশ? জাতির ভাগ্যে আরও কতো দুর্ভোগ আছে?
ঘৃণ্য ওই গণহত্যার ঘটনা স্মরণ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ওই দিন বেগম আইভি রহমানসহ অগণিত নেতা কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়। পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার মানুষ। তাদেরকে সান্ত¡না দেওয়ার ভাষা আমার নেই।
তিনি বলেন, আমি আপনাদের পাশে আছি। আমিই আপনাদের সান্ত¡না।
নৃশংস ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করে শেখ হাসিনা বলেন, জাতির দুর্ভাগ্য যে, যারা আজ যারা ক্ষমতায় তারা ২১ আগস্টের গণহত্যার তদন্ত করতে দেয়নি। আলামত নষ্ট করেছে। অপরাধীদের বিচার করেনি।
তিনি বলেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন হামলাকারীদের না ধরে পালিয়ে যেতে সাহায্য করেছে। সরকারের মদদ ছাড়া এমন ঘটনা ঘটতে পারে না।
সারা দেশে গত ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই খুনি সরকার সশস্ত্র মৌলবাদি জঙ্গি উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিচ্ছে। তাদের দিয়ে দেশে একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। পবিত্র ইসলাম ধর্মের নামে রাজনৈতিক ফায়দা লুটছে। এই সরকারের ওপর জনগণের কোন আস্থা নেই।
দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, আপনারা ধৈর্য ধরুন। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারে আমরা যে রূপরেখা দিয়েছি, তাতে এদেশের মানুষের মুক্তি নিহিত আছে।
জনগণের ভোট ভাতের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ১৪ দল উত্থাপিত রূপরেখা বাস্তবায়নের সংগ্রামকে এগিয়ে নেয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
এসময় আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠন, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
