২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্তে কোন অগ্রগতি নেই
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও ইন্টারপোলসহ দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থাসমূহের সম্মিলিত প্রচেষ্টার পরও গত এক বছরে ২১ আগস্টের গ্রেনেড হামলার কারণ উদঘাটন করতে তারা ব্যর্থ হয়েছে।
প্রকৃত ঘটনা না জানার কারণে তদন্ত কর্মকর্তারা চার্জশীট প্রদান করতে পারে নি।
বিচারপতি জয়নাল আবেদিনের নেতৃত্বে গঠিত এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশনও গ্রেনেড হামলার ঘটনা তদন্ত করেন। কিন্তু গ্রেনেডের উৎস এবং হামলার পরিকল্পনাকারিদের সম্পর্কে কমিশনও স্পষ্ট করে কিছু বলতে পারে নি।
গ্রেনেড হামলার পর এফবিআই ও ইন্টারপোলের বিশেষজ্ঞরা চারবার বাংলাদেশ আসেন তদন্তের জন্য।
তদন্তকারি কর্মকর্তারা এযাবৎ ১৫ জনকে গ্রেফতার করে এবং একজনের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে।
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট’র (সিআইডি) কর্মকর্তাদের মতে, ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং গত ১৭ আগস্ট বুধবার দেশব্যাপী ধারাবাহিক বোমা বিস্ফোরণের মধ্যে কোন সম্পর্ক নেই।
অন্যদিকে, গ্রেপ্তারকৃত ১৫ জনের মধ্যে আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির সহ সভাপতি মোখলেসুর রহমান ও শৈবাল সাহা পার্থ বর্তমানে জামিনে আছে। গত জুন মাসে গ্রেপ্তারকৃত জজ মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে হামলায় অংশগ্রহণকারি কয়েকজনের নামও প্রকাশ করে।
সিআইডির তদন্তকারি কর্মকর্তারা জানিয়েছেন, ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিতে জজ মিয়া সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তিনজন সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও জয় এবং মুকুল ও রবিন সহ মোট ১১ জনের নাম উল্লেখ করে।
জর্জ মিয়া মিয়ার ভাষ্যমতে, মোট ১৮ ব্যক্তি এই হামলায় অংশ নেয়। জর্জ মিয়ার এই স্বীকারোক্তি অনেকেই সমর্থন করেনি। কেউ কেঊ বিশ্বাস করে, মামলার তদন্ত কাজ চলছে এটা দেখানোর জন্যে স্বীকারোক্তির ব্যবস্থা করা হয়।
