জনগণ ২১ আগস্টের হামলার জন্যে সরকারকে সমুচিত জবাব দেবে: বিডিনিউজকে শেখ হাসিনা
বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের প্রতি আমার পুরো আস্থা রয়েছে। জনগণ ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্যে বিএনপি-জামাত জোট সরকারকে সমুচিত জবাব দেবে।
২১ আগস্ট গ্রেনেড হামলার বর্ষপূর্তির আগে বিডিনিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে শেখ হাসিনা আরও বলেন, সরকারই এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাই এ খুনী-বোমাবাজ সরকারের কাছ থেকে কোনো বিচার আশা করা বোকামি।
তিনি বলেন, দেশের মানুষের ওপর আমার পরিপূর্ণ আস্থা রয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীকে হত্যার জন্যে তারা খালেদা-নিজামী সরকারকে এক দিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, জেনারেল জিয়াউর রহমান এবং খন্দকার মুশতাক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে। এখন খালেদা জিয়া ও তার ছেলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে শেষ করার জন্যে আমাকে হত্যা করতে চায়।
২১ আগস্ট তাকে হত্যার জন্যে বর্বরোচিত হামলার বর্ণনা দেওয়ার সময় হাসিনার চোখ আর্দ্র হয়ে ওঠে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এ হামলায় আমরা আমাদের সিনিয়র নেত্রী আইভি রহমানসহ অনেককেই হারিয়েছি। শত শত মানুষ চিরদিনের জন্যে পঙ্গুত্ব বরণ করেছে।
বিরোধী দলীয় নেতা বলেন, আমি সর্বশক্তিমান আল্লাহর দয়া ও দেশের মানুষের দোয়ায় বেঁচে আছি। মানুষ সবকিছু দেখেছে। তাই দেশের মানুষের প্রতি চলমান আন্দোলনকে গতিশীল করার আহ্বান জানাই।
তিনি হবিগঞ্জে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ড এবং টঙ্গীতে প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগের সম্মেলনে গুলিতে আহসানউল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, সরকার কী চায়? রাজনীতি মানে কি খুন খারাবি? বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী দলের নেতাকর্মীদের নিধন অভিযানের অংশ হিসেবে দেশে সন্ত্রাসীদের রাজত্ব কায়েম হয়েছে। ওই ষড়যন্ত্রের অংশ হচ্ছে ২১ আগস্টের গ্রেনেড হামলা।
তিনি বলেন, অপারেশন ক্লিনহার্টের ‘হার্ট অ্যাটাক’ এবং র্যাবের ‘ক্রসফায়ার’-এর পর সরকার নতুনভাবে ‘বিদ্যুতস্পৃষ্ট’ করে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যার পদ্ধতি প্রয়োগ করছে। তারা মানবাধিকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্ক বাণীর কোনো তোয়াক্কা করে না।
আওয়ামী লীগ সভানেত্রী লালবাগে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন হত্যার কথা উল্লেখ করে বলেন, তার একমাত্র অপরাধ ছিল জাতির জনকের মৃত্যুবার্ষিকী পালনে বলিষ্ঠ ভূমিকা রাখা।
এক প্রশ্নের জবাবে তিনি ১৭ আগস্ট বোমা হামলার জন্যে সরকারকে অভিযুক্ত করে বলেন, যিনি স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে নিয়োজিত, সেই প্রধানমন্ত্রীকেই এর দায় দায়িত্ব বহন করতে হবে।
তিনি বলেন, সরকার দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? যখন একটি সরকার তার প্রতিপক্ষকে ধ্বংস করতে নিজেই গ্রেনেড ও বোমা হামলার সাথে জড়িয়ে পড়ে, তখন দেশের নিরাপত্তাও হুমকির সম্মুখীন হয়ে পড়ে।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, সরকার এ ধরনের হামলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে জঙ্গি দেশ হিসেবে তুলে ধরছে। ক্রসফায়ার অব্যাহত রেখে তারা দেশকে একটি আইন শৃংখলা বিহীন দেশে পরিণত করেছে। এর শেষ হওয়া দরকার।
