বোমা হামলার জন্য আওয়ামী লীগ ও তার ১৪ দলীয় জোটই দায়ী : আমিনী
জোট সরকারের শরীক ইসলামী ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর মুফতি মওলানা ফজলুল হক আমিনী এমপি গত বুধবারের বোমা হামলার জন্য প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটসহ বাম ও ধর্মনিরপেক্ষ দলগুলোকে দায়ী করেছেন।
মৌলবাদী এই নেতা এ দেশে ইসলামী আন্দোলন ধ্বংসের ষড়যন্ত্র করার জন্য কতিপয় সংবাদ মাধ্যমকেও দায়ী করেন।
তিনি দেশের ইসলামপ্রেমী জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, ইসলাম ও দেশ বিরোধী শক্তির সকল ষড়যন্ত্রকে নস্যাত করতে হবে।
ঢাকা মহানগর ইসলামি আইন বাস্তবায়ন কমিটির আমীর মওলানা আবুল কাশেমের সভাপতিত্বে বায়তুল মোকারমের উত্তর গেটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আল্লার কসম ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতেই এরা বোমা হামলার ঘটনা ঘটিয়েছে।
নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বোমা হামলার জন্য দায়ী নয় দাবি করে তিনি বলেন, এই সংগঠনটি এত শক্তিশালী নয় যে সারা দেশে এত পরিকল্পিত ও সুসংগঠিত বোমা হামলা করতে পারবে। বরং আওয়ামী লীগ ও তার বন্ধুদের পক্ষেই এ ধরনের কর্মকান্ড করা সম্ভব।
সভায় আব্দুল লতিফ নেজামী, শরফুদ্দিন আহমদ জুনাইদ মিয়া, মুফতি মোহাম্মদ তৈয়বসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
