২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের সমাবেশ: জোট সরকার হটিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক সরকার গঠনের অঙ্গীকার ঘোষণা

আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপি জামাত জোটকে ক্ষমতা থেকে হটিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের গণতান্ত্রিক সরকার গঠনের অঙ্গীকার ঘোষণা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 07:27 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

শুক্রবার বিকেলে মুক্তাঙ্গনে অনুষ্ঠিত এক সমাবেশে তারা বলেন, ‘সশস্ত্র সাম্প্রদায়িক জঙ্গী মৌলবাদিদের লালন পালনকারী জোট সরকার সংবিধান, আইন ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। আঘাতের পর আঘাত দিয়ে তাদের উৎখাত করতে হবে। মৌলবাদের গোড়া শুদ্ধ উপড়ে ফেলতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন আদায় করে জনতার রায়ে গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। ’

শনিবারের দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল সফল করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তারা ।

সারাদেশে বোমা হামলার প্রতিবাদে ১৪ দল আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির সভাপতি আজিজুল ইসলাম খান। বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এমপি, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ, আব্দুল মান্নান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, গণতন্ত্রী পার্টির নুরুল ইসলাম, গণফোরামের অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাম্যবাদী দলের আবু হামিদ শাহাবুদ্দিন, গণ আজাদী লীগের আলহাজ্ব আব্দুস সামাদ, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন ও ন্যাপ’র এমএ গনি।

আমির হোসেন আমু বলেন, বিএনপি জামাত জোটের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন থেকে জনগণকে বিরত রাখতে উগ্র সাম্প্রদায়িক জঙ্গী গোষ্ঠীর সহায়তায় সরকার সারা দেশে বোমা হামলা চালিয়েছে। জনগণের আন্দোলনে ভীত সন্ত্রস্ত জোট নির্বাচন বানচাল ও গণতন্ত্রকে নস্যাত করতে চায়। কিন্তু বাংলার মানুষ সন্ত্রাসী মৌলবাদিদের মদদদাতা বিএনপি জোটকে সমুচিত জবাব দেবে।

আব্দুল জলিল বলেন, বুধবারের বোমা হামলার পরপরই বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া বিদেশ থেকে ফিরে বিমানবন্দরে নেমেই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করলেন। অতীতেও তারা নিজেরা হত্যাসহ নাশকতামূলক ঘটনা ঘটিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছে। কিন্তু পরবর্তীতে তদন্তে প্রমানিত হয়েছে, বিএনপি জামাতই ওই সকল ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী বিএনপি জামাত জোটকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় করে দেশকে দুঃশাসন থেকে মুক্ত করতে হবে। শনিবারের হরতাল সফল করে বিদায়ের ঘন্টা ত্বরান্বিত করতে হবে।

রাশেদ খান মেনন বলেন, সাম্প্রদায়িক মৌলবাদিদের লালন পালনকারী বিএনপি জামাত জোট দেশের জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে। তাই জোটের বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই। আঘাতের পর আঘাত করে মৌলবাদী জোটের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে।

হাসানুল হক ইনু বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন আদায় করবো। স্বাধীনতা বিরোধী জোট সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে জনতার রায়ে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক সরকার গঠন করবো।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন রাস্তা ঘুরে মৌচাক মোড়ে গিয়ে শেষ হয়।