ফেব্রুয়ারিতে জামা’আতুল মুজাহিদীনকে নিষিদ্ধ করা হয়
সারা দেশে বুধবার দফায় দফায় বোমা হামলার ঘটনায় জড়িত জামা’আতুল মুজাহিদীন ও কুখ্যাত বাংলা ভাইয়ের জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশকে এ বছরের ফেব্রুয়ারি মাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
দেশের বেশকিছু সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় সংগঠন এবং ব্র্যাক ও গ্রামীন ব্যাংকে হামলা চালানোর কারণে গত ২৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ দু’টি সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।
পুলিশ ওই সময় মুজাহিদীন নেতা ড. আসাদুল্লাহ আল-গালিবকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাংলা ভাই এখনও নাগালের বাইরে রয়ে গেছে। গালিব এখনও জেলহাজতে রয়েছেন তবে বেশ কিছু মামলায় তিনি জামিন পেয়েছেন।
নিষিদ্ধ ঘোষণার চারদিন পর দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী কিস্টিনা রোকা আশা প্রকাশ করেন, জেএমজেবি ও জামা’আতুল মুজাহিদীনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের ফলে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়বে।
বুধবার যেখানে যেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রায় সবখানেই বাংলা ও আরবি ভাষায় লেখা লিফলেট পাওয়া গেছে। লিফলেটে দেশে ইসলামি শাসন কায়েমের ব্যাপারে আহ্বান জানানো হয়েছে।
