২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে বোমা হামলার ঘটনায় বিভিন্ন সংগঠনের নিন্দা ও ক্ষোভ

সারাদেশে বুধবার একযোগে বোমা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র, যুব ও ব্যবসায়িদের সংগঠন। পৃথক বিবৃতিতে তারা ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারিদের সনাক্ত করা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বিকল্পধারা বাংলাদেশ সারাদেশে বুধবার একই সময়ে বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

বিকল্পধারা বাংলাদেশ’র সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব:) আবদুল মান্নান এক যুক্ত বিবৃতিতে বলেন, গত বছর ২১ আগস্ট আওয়ামী লীগ সমাবেশে গ্রেনেড হামলা, ২০০২ সালে ময়মনসিংহের সিনেমা হলে বোমা হামলাসহ অন্যান্য বোমা হামলার ঘটনার সুষ্ঠ বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠেছে। এ কারণেই তারা একর পর এক বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এসমস্ত হামলার ঘটনাই প্রমাণ করে যে দেশের মানুষের নিরাপত্তা দিতে জোট সরকার ব্যর্থ হয়েছে। বিবৃতিতে তারা বোমা হামলাসহ সকল সন্ত্রাসী, গণবিরোধী ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে শান্তি ও গণতন্ত্রের পক্ষের সকল শ্রেনী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওযার জন্য আহ্বান জানান।

সিপিবি’র সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে এই ঘটনাকে ষড়যন্ত্রমূলক ও সুপরিকল্পিত অভিযানের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, উগ্র সাম্প্রদায়িক শক্তির তৎপরতা সম্পর্কে বিভিন্ন সময়ে হুশিষযার করার পরও বিএনপি-জামাত জোট সরকার কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নি। তাই এ ধরণের হামলার দায় সরকার এড়িয়ে যেতে পারে না। বিবৃতিতে বোমা হামলা ও প্রচারপত্র বিলির মদদদাতাদের চিহ্নিত, গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। বিবৃতিতে তারা আরও বলেন, সারাদেশে সুপরিকল্পিতভাবে বোমাবাজির মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে উগ্র মৌলবাদীদের এত দিনের অঘোষিত-অপ্রকাশ্য যুদ্ধ আজ জোট সরকারের মদদে প্রকাশ্য যুদ্ধের রূপ লাভ করলো। বিবৃতিতে তারা আরও বলেন, বাংলাদেশের মাটিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও চোরাচালান নেটওয়ার্কের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বাংরাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক কমরেড খালেকুজ্জামান এক বিৃতিতে বোমা হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে কার্যকর তদন্তের মাধ্যমে হামলার রহস্য উন্মোচন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া তিনি হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে অর্ধডজন গোয়েন্দা সংস্থাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তিনি বলেন, গত ছয় বছরে দেশে যত বোমা হামলা হয়েছে তার সবগুলোতেই মৌলবাদী জঙ্গী, অথবা আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ি করেছে। কিন্তু যথাযথ তদন্তের মাধ্যমে কোনও ঘটনারই সুরাহা হয় নি।

দেশের বিভিন্নস্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় বিজিএমইএ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে রপ্তানী মূখি তৈরি পোশাক শিল্পে গভীর উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। বিজিএমইএ মনে করে, এ ধরণের নাশকতামূলক ঘটনার পুনরাবৃত্তি হলে দেশের রপ্তানীমুখী তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে এবং এতে বিদেশী বিনিয়োগ ব্যাহত হবে। এছাড়াও এতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

বিজিএমইএ বিস্ফোরণ ঘটনার পুনরাবৃত্তি রোধে এ ঘটনার জড়িতদের অবিলম্বে সনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর হযরত মাওলানা মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ ফজলুল পরি সাহেব চরমোনাই বোমা হামলার নিন্দা করে বলেন, দেশকে অস্থিতীশিল এবং বিদেশীদের আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এ যৌথ বিবৃতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠি খালেদা-নিজামীর প্রত্যক্ষ সহযোগিতায় হামলা চালিয়েছে।

এছাড়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, হযবুত তাহরীর বাংলাদেশ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছে।