দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে : প্রেসনোট
রাজধানীসহ দেশের প্রায় সব ক’টি জেলা শহরে বুধবার দফায় দফায় বোমা বিস্ফোরণের ঘটনা জনগণের মধ্যে আতংক ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে সরকারি এক প্রেসনোটে বলা হয়েছে।
এতে বলা হয়, ঢাকাসহ দেশের প্রায় সব ক’টি জেলায় বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে পরপর অনেকগুলো বোমা বিস্ফোরণ ঘটে। অধিকাংশ ক্ষেত্রে বিস্ফোরণের স্থান হিসেবে জেলা সদরের সরকারি ভবন, বিশেষ করে আদালত ভবন ও জেলা কার্যালয়গুলো বেছে নেওয়া হয়।
এ ধরনের ঘটনায় আতংকিত না হওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়ে বলা হয়, সরকারি সম্পদ ও জনগণের জানমালের নিরাপত্তার ব্যাপারে সরকার সম্পূর্ণ সজাগ ও দৃঢ়প্রতিজ্ঞ।
আলামত পরীক্ষা করে দেখা গেছে যে, বিস্ফোরিত বোমাগুলোতে টাইম ডিভাইস রয়েছে। প্রতিটি বিস্ফোরণস্থলে সম্প্রতি নিষিদ্ধঘোষিত সংগঠন জামা’আতুল মুজাহিদীনের নামে লিফলেট পাওয়া গেছে।
ঘটনার পরম্পরা বিশ্লেষণ করে প্রেসনোটে এ ঘটনাকে পরিকল্পিত বলে উল্লেখ করা হয়।
বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত দুষ্কৃতকারী এবং এর নেপথ্যে যারা
রয়েছে ,তাদের সনাক্ত করে যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
কোথাও কোনও জিনিস, যেমন ব্যাগ বা প্যাকেট, পুটলি, কৌটা ইত্যাদি অরক্ষিত অবস্থায় পড়ে থাকতে দেখলে নিরাপত্তার স্বার্থে অবিলম্বে পুলিশকে অবহিত করতে বলা হয়েছে।
এছাড়া দুস্কৃতকারীদের কোনও পরিকল্পনা বা তাদের সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও আহ্বান জানানো হয়।
