ফরিদপুর-১ উপনির্বাচনে ৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
ফরিদপুর-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বারী জানান, বিএনপি মনোনীত প্রার্থী আবু জাফরকে দলীয় নির্বাচনী প্রতীক ধানের শীষ, ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি শরাফত হোসাইনকে দেয়াল ঘড়ি এবং কৃষক মোহাম্মদ সাদেককে তার দলীয় প্রতীক মোরগ বরাদ্দ দেওয়া হয়েছে।
তবে ইসলামী ঐক্যজোট নেতা ও আল-মারকাজুল ইসলামী নামের এনজিও’র পরিচালক মুফতি মোহাম্মদ শরাফত হোসাইন বিডিনিউজ প্রতিনিধিকে জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার মনোনয়ন জমা দেওয়া চার প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। আগে থেকেই প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এ উপনির্বাচন বর্জন করে আসছে।
ফরিদপুর-১ আসনের উপনির্বাচনে আগামী ৩০ আগস্ট ভোট গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ৪ জুন আওয়ামী লীগ দলীয় সাংসদ কাজী সিরাজুল ইসলাম বিএনপিতে যোগ দিলে ফ্লোর ক্রসিংয়ের কারণে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হয়।
