শোক দিবসের মাইকিং নিয়ে আটোয়ারীতে ছাত্রলীগের দু-গ্রুপে সংঘর্ষ আহত ২
১৫ আগস্ট শোকদিবসের কর্মসূচি পালন উপলক্ষ্যে মাইকিং করাকে কেন্দ্র করে রোববার রাতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে ২ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। এরা হচ্ছে-উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাসেরুল এবং সাধারণ কর্মী দুলাল। তারা আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শোক দিবস পালন উপলক্ষে বর্তমান উপজেলা কমিটির জাহিদ-মকলেছের নেতৃত্বাধীন নেতাকর্মীরা রোববার সন্ধ্যায় মাইকিং শুরু করে। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের অনুসারী বলে পরিচিত ছাত্রলীগের মানিক-সেলিম গ্রুপের নেতাকর্মীরা বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মানিক-সেলিম গ্রুপের নাসিরুল এবং জাহিদ-মকলেছ গ্রুপের দুলাল আহত হয়। পরে আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
