২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসের অনুষ্ঠানে বরিশালের হিজলায় ১৪৪ ধারা জারি, বিএনপি’র হামলায় আহত ১০

বরিশাল জেলার হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কাছে সংহতী পাইলট বিদ্যালয় মাঠে প্রশাসনের পক্ষ থেকে সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 01:28 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এদিকে উপজেলার হরিনাথ পুরে শোক দিবসের অনুষ্ঠানে বিএনপি’র হামলায় কমপক্ষে ১০ জন আওয়ামী লীগ নেতা কর্মী আহত হয়েছে।

সূত্র জানায়, সংহতি বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ জাতীয় শোক দিবস এবং বিএনপি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের কর্মসূচি ঘোষণা করায় প্রশাসন সহিংসতা এড়াতে ওই স্থানে ১৪৪ ধারা জারি করে।

এর ফলে সকাল থেকে উপজেলার কাউরিয়ার মৌলভীরহাটে দু’দলই মুখোমুখি অবস্থান নেয়।

এদিকে উপজেলার হরিণাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের শোকসভা চলাকালে বিএনপি’র নেতা কর্মীরা শোকসভায় হামলা চালায় এবং আওয়ামী লীগের দলীয় পতাকায় অগ্নিসংযোগ করে।

বিএনপি‘র এ হামলায় প্রায় ১০ জন নেতা কর্মী আহত হয়।

আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগ সূত্র জানায়, শোকসভায় কোরআন তেলওয়াত চলাকালে হরিনাথপুর ইউনিয়ন বিএনপি একই স্থানে হিন্দি গান পরিবেশন করে। এখান থেকেই হামলার সূত্রপাত ঘটে।

এদিকে জেলার মেহেন্দিগঞ্জে রোববার রাতে বিক্ষিপ্ত বোমাবাজি এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি’র ক্যাডাররা হামলা এবং লুটপাট চালায়। এরপর থেকে আওয়ামী নেতা কর্মীরা গৃহবন্দি হয়ে পড়েছে।

সোমবার সকাল থেকে মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ এবং তার এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক দিবসের কোন কর্মসূচি পালিত হয়নি।

তবে, উপজেলা চত্বরে খালেদা জিয়ার জন্মদিনকে স্বাগত জানিয়ে বিএনপি‘র পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়।

এদিকে বরিশালে আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী অর্ধ দিবস হরতাল শিথিলভাবে পালিত হয়েছে।

বরিশাল নগরীতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ পৃথক পৃথকভাবে শোক দিবসের কর্মসূচি পালন করেছে।

তবে হরতালকে কেন্দ্র করে নগরীতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।