টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত
শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার খুব ভোর থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মাজারে শোকার্ত মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় মাজার প্রাঙ্গণ।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি’র নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জাসদের সিনিয়র সহসভাপতি শরীফ নুরুল আম্বিয়া, অ্যাডভোকেট রবিউল আলম ও যুগ্ম সম্পাদক নাজমূল হক প্রধানের নেতৃত্বে জাসদ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন। এ বছরই প্রথম জাসদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হলো।
সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শোকার্ত মানুষ টুঙ্গিপাড়ায় আসতে শুরু করে। তারা পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে মাজার প্রাঙ্গণে শুরু হয় কোরানখানি। সর্বত্র টাঙ্গানো হয় কালো পতাকা। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে কালো কাপড় দিয়ে নির্মাণ করা হয় অসংখ্য তোরণ।
মাজার প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকলে কালো ব্যাজ ধারণ করে শোক দিবসের অনুষ্ঠানে অংশ নেয়।
বাদ জোহর মাজার কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। মিলাদ মাহফিলে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বিকেলে পাটিগাতী বাসস্টাণ্ডে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ শোক দিবসের আলোচনা সভা আয়োজন করে।
